
সিরাজগঞ্জে পৃথক দুটি এলাকায় শিশুসহ ২ জনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ নির্মম হত্যাকাণ্ড নিয়ে এলাকা দুটিতে ব্যাপক শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে। শাহজাদপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, শাহজাদপুর উপজেলার মাজ্জান গ্রামে ২ ভাই আব্দুল হামিদ সরদার ও ফারুক সরদারের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। গতকাল বৃহস্পতিবার সকালে বিরোধপূর্ণ জমিতে মাটিকাটাকে কেন্দ্র করে ২ ভাইয়ের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। একপর্যায়ে এ সংঘর্ষে বড় ভাই আব্দুল হামিদ সরদারের ৫ বছরের শিশু পুত্র হৃদয়কে কোদাল দিয়ে কুপিয়ে জখম করে। তাকে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর মারা যায়। এছাড়া সংঘর্ষে উভয়পক্ষের ৭ জন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ওই শিশুর লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এদিকে তাড়াশ থানার ওসি হাবিবুর রহমান জানান, উল্লাপাড়া উপজেলার ঝিকিড়া গ্রামের আহসানের ছেলে রিপন মিয়া (৪৫) তার স্ত্রী নিয়ে গত বুধবার সন্ধ্যা রাতে শ্বশুর বাড়ে তাড়াশের মহিষলুটি গ্রামে আসে এবং স্ত্রীকে শ্বশুরবাড়ি রেখে রিপন মিয়া মিষ্টি কেনার জন্য স্থানীয় বাজারে যায়। মধ্যরাত পর্যন্ত সে আর ফিরে না আসায় শ্বশুরবাড়ির লোকজন খোঁজাখুঁজি করে তার সন্ধ্যান মেলেনি। বৃহস্পতিবার দুপুরের দিকে ওই এলাকার একটি ধান খেতের মধ্যে তার লাশ দেখতে পায় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করে।