ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

কাউখালীতে ট্রলারঘাটে সিঁড়ি নেই, ঝুঁকি নিয়ে পারাপার

কাউখালীতে ট্রলারঘাটে সিঁড়ি নেই, ঝুঁকি নিয়ে পারাপার

কাউখালী উপজেলার লঞ্চঘাটসংলগ্ন সন্ধ্যা নদীর তীরে খাদ্য গুদামের পাশে অবস্থিত কাউখালী-ব্রাহ্মণ চিত্রনা ট্রলারঘাটে দীর্ঘদিন ধরে কোনো সিঁড়ি বা নিরাপদ অবকাঠামো না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। জীবনের ঝুঁকি নিয়েই প্রতিদিন এ ঘাট দিয়ে নদী পারাপার করতে হচ্ছে তাদের। এই ট্রলারঘাটটি আমরাজুড়ি ইউনিয়নের গুরুত্বপূর্ণ একটি খেয়াঘাট হিসেবে পরিচিত। এখান থেকে আমরাজুড়ি, গন্ধব্য, হরিণদ্বারা, গোপালপুর, জব্দকাঠিসহ সন্ধ্যা নদীর পশ্চিম পাড়ের বহু গ্রামের মানুষ উপজেলা শহরে যাতায়াত করেন। স্কুল-কলেজ, বাজার, চিকিৎসা ও বিভিন্ন অফিসিয়াল কাজে প্রতিদিন শতাধিক মানুষ এ ঘাট ব্যবহার করেন। তবে ঘাটটিতে কোনো পাকা সিঁড়ি বা ঘাটলা না থাকায় যাত্রীদের কাদামাটি ও পিচ্ছিল ঢাল বেয়ে ট্রলারে উঠানামা করতে হচ্ছে। এতে নারী, শিশু ও বয়স্কদের জন্য ঝুঁকি আরও বেড়ে গেছে। সামান্য অসাবধানতায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকলেও কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। প্রায়ই ছোটখাটো দুর্ঘটনার ঘটনাও ঘটছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

সরেজমিন দেখা যায়, বর্ষা মৌসুমে নদীর পানি বৃদ্ধি পেলে ঘাটের পাড় আরও পিচ্ছিল হয়ে ওঠে, ফলে দুর্ভোগ কয়েকগুণ বেড়ে যায়। তবুও বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় বাধ্য হয়েই ঝুঁকি নিয়ে পারাপার করছেন যাত্রীরা।

স্থানীয় ব্যবসায়ী হুমায়ুন ও আব্দুল কুদ্দুস এবং কলেজছাত্রী স্মৃতি কণা বলেন, ‘প্রতিদিন নির্দিষ্ট ভাড়া দিয়েই এই ঘাট ব্যবহার করতে হয়। কিন্তু সিঁড়ি না থাকায় খুব কষ্ট করে উঠানামা করতে হয় এবং সবসময় দুর্ঘটনার ভয় থাকে।’

ঘাটটি আমরাজুড়ি ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে ইজারার মাধ্যমে পরিচালিত হলেও যাত্রীদের জন্য ন্যূনতম নিরাপত্তা ব্যবস্থা না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। তারা দ্রুত একটি পাকা সিঁড়ি নির্মাণের দাবি জানিয়েছেন।

ঘাটের ইজারাদার মোহাম্মদ আলাউদ্দিনও নিরাপদ অবকাঠামো নির্মাণের প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন।

এ বিষয়ে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, ‘যাত্রীদের নিরাপত্তার স্বার্থে বরাদ্দ পাওয়া গেলে স্থায়ী সিঁড়ি নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।’

স্থানীয়দের দাবি, দুর্ঘটনা এড়াতে এবং জনদুর্ভোগ কমাতে দ্রুত এই ট্রলারঘাটে নিরাপদ অবকাঠামো নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি যাত্রীদের।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত