
চলমান এইচএসসি বোর্ড পরীক্ষার আইসিটি বিষয়ে চরফ্যাশন সরকারি মহাবিদ্যালয়ের পরীক্ষার্থীরা অসদুপায়ের সুযোগ না পেয়ে পরীক্ষা কেন্দ্রে হামলা, ভাঙচুর করেছে। এঘটনায় কলেজের শিক্ষক কর্মচারী ও পথচারীসহ ৫ জন আহত হয়েছে। এমন অভিযোগ করেন চরফ্যাশন মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্র পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন বাচ্চু।
তিনি বলেন, চলমান এইচএসসি পরীক্ষার গতকাল শনিবার আইসিটি বিষয়ে অংশ নেওয়া ৮৮৪ জন পরীক্ষার্থী পরীক্ষা শেষে বের হয়ে যায়। ১টা ১৫ মিনিটের সময় পরীক্ষায় অংশ নেয়া প্রায় ২ শতাধিক পরীক্ষার্থী প্রধান গেটে জড়ো হয়ে ভুয়া ভুয়া বলে স্লোগান দিয়ে কলেজ প্রাঙ্গণে ডিম ছুড়তে থাকে।
পরে উত্তর-পশ্চিম পাশের দুইটি গেট ভেঙে কলেজের মধ্যে ঢুকে অধ্যক্ষ অফিসের পেছন থেকে অধ্যক্ষের অফিসের জানালার-গ্লাস ভাঙচুর করে।
এসময় কলেজের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাদানে গ্যাস নিক্ষেপ করে। পাশাপাশি বিএনপির স্থানীয় নেতাকর্মীরাও পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনকে সহায়তা করেন বলে জানান তিনি। পরে পরীক্ষার্থীদের উত্তরপত্র ইউএনও’র সহযোগিতায় পোস্ট অফিসে পৌঁছে দেওয়া হয়। চরফ্যাশন থানার ওসি ফরিদ আল ভূইয়া বলেন, খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে তবে অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে। এ ব্যাপারে চরফ্যাশন সরকারি কলেজের অধ্যক্ষ জসিমউদদীনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য জানা যায়নি।
চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, প্রশ্ন কঠিন হয়েছে ও শিক্ষকদের সহযোগিতা না পেয়ে পরীক্ষা শেষে জোরো হয়ে পরীক্ষার্থীরা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে। পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে। এখন পর্যন্ত পরিস্থিতি শান্ত রয়েছে।