
দীর্ঘদিনের জনভোগান্তির অবসান ঘটতে যাচ্ছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা বাজারের প্রধান সড়কের। বহু প্রতীক্ষিত এই সড়ক সংস্কার ও প্রশস্তকরণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা। গতকাল বৃহস্পবিার দুপুরে তিনি এ কাজের উদ্বোধন করেন।
কুষ্টিয়া সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এবং স্থানীয় প্রশাসনের তথ্যমতে, ৩২ কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে যাওয়া এই প্রকল্পে রড ও সিমেন্টের কংক্রিট (আরসিসি) দিয়ে সড়ক নির্মাণের পাশাপাশি পানি নিষ্কাশনের জন্য দুই পাশে আরসিসি ড্রেন নির্মাণ করা হবে।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের বাস্তবায়নে ২৪ কোটি ৪৪ লাখ টাকা ব্যয়ে সড়কটি সংস্কার ও প্রশস্তকরণ করা হবে। বর্তমানে ১৮ ফুট প্রশস্ত সড়কটি ২৪ ফুটে উন্নীত করা হবে। পাশাপাশি সড়কের দুই পাশে আধুনিক ড্রেন নির্মাণ করা হবে, যাতে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি না হয়। আগামী সপ্তাহ থেকে নির্মাণকাজ শুরু হবে এবং ৯ মাসের মধ্যে কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
দীর্ঘদিন ধরে কুষ্টিয়া-প্রাগপুর জনবহুল সড়কের আল্লারদর্গা বাজারের প্রায় ২ কিলোমিটার অংশ ভেঙে খানাখন্দে পরিণত হওয়ায় সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি জমে সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। প্রতিদিনই ঘটে ছোট-বড় দুর্ঘটনা এবং যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করে ঝুঁকিপূর্ণ এ সড়ক দিয়ে। যানজটের কারণে দীর্ঘ সময় যান চলাচল ব্যাহত হওয়ায় জনজীবনে নেমে আসত চরম ভোগান্তি।
ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে উপস্থিত কুষ্টিয়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মঞ্জুরুল করিম জানান, আল্লারদর্গা বাজারের সড়ক সংস্কারের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ১৮ ফুট প্রশস্ত সড়কটি ২৪ ফুটে উন্নীত করা হবে এবং উভয় পাশে ড্রেন নির্মাণ করা হবে। ২৪ কোটি ৪৪ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন প্রকল্পটির কাজ আগামী সপ্তাহে শুরু হবে এবং নির্ধারিত ৯ মাসের মধ্যেই শেষ করার পরিকল্পনা রয়েছে।
সড়কের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে সড়কটির বেহাল অবস্থা থাকলেও তৎকালীন জনপ্রতিনিধিরা কার্যকর কোনো উদ্যোগ নেননি। ৫ আগস্ট-পরবর্তী অন্তর্বর্তী সরকারের সময়ও এ সড়কের উন্নয়নে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের মাত্র পাঁচ মাসের মধ্যেই এই সড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছে।
সড়কের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- দৌলতপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শের আলী, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় বিএনপি দলীয় নেতারা।