
যমুনা সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নলকার মোড়ে বাস ও ট্রাকের সংঘর্ষে বাস চালক ও হেলপার নিহত হয়েছে। তারা হলেন- বগুড়া শিবগঞ্জ উপজেলার তিলজ গ্রামের মোজাহার মন্ডলের ছেলে হেলপার মুনসুর আলী (২৬) ও বাস চালকের পরিচয় এখনও পাওয়া যায়নি।
এ ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। যমুনা সেতু পশ্চিম থানার ওসি আমিরুল ইসলাম জানান, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস শনিবার ভোররাতে নলকা ওভার পাসের নিচ দিয়ে যাচ্ছিল। এ সময় সিরাজগঞ্জ শহর থেকে আসা পন্যবাহী একটি ট্রাক ওভারপাসে ওঠার সময় যাত্রীবাহী বাসে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই বাস চালক ও হেলপার নিহত হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে এবং নিহতদের লাশ উদ্ধার করে থানায় আনা হয়। বিকেলে হেলপার মুনসুর আলীর পরিচয় পাওয়া যায়। এ ঘটনায় কোন অভিযোগ না থাকায় তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।