
মুন্সীগঞ্জের সিরাজদিখানে রাতের আঁধারে শ্রমিক দলের কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী বাজারে সিরাজদিখান উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. বাদশা মিয়ার কার্যালয়ে এ ঘটনা ঘটে। স্থানীয় একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় রাত ১২টার দিকে মুখোশধারী তিন ব্যক্তি হাতে কেরোসিনের বোতল নিয়ে বাজারের পূর্ব পাশ থেকে শ্রমিক দলের কার্যালয়ের দিকে যাচ্ছে। পরদিন সকালে অফিস খুলতে এসে আগুন লাগানোর বিষয়টি দেখতে পান। বাদশা মিয়া বলেন, গতকাল রাত ১০টা পর্যন্ত আমরা অফিসে ছিলাম। পরে সবাই যার যার বাড়িতে চলে যাই। রাতের আঁধারে দুর্বৃত্তরা আমাদের অফিসে অগ্নিসংযোগ করে। সকালে অফিসে এসে দেখি তালা ভাঙা। ভেতরে প্রবেশ করতেই আগুন লাগানোর বিষয়টি দেখতে পাই। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কার্যক্রমের প্রতিবাদে সিরাজদিখান উপজেলা শ্রমিক দল তৎপর থাকায় আমাদের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করার লক্ষ্যে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছে। এ বিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে।
তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।