ঢাকা রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

মেঘনার পেটে পল্লী বিদ্যুতের শতাধিক খুঁটি

মেঘনার পেটে পল্লী বিদ্যুতের শতাধিক খুঁটি

লক্ষ্মীপুরের রামগতি ও নোয়াখালীর হাতিয়া উপজেলার সীমান্তবর্তী বয়ারচরে মেঘনার ভয়াবহ ভাঙনে বিস্তীর্ণ জনপদের পাশাপাশি নদীগর্ভে বিলীন হয়েছে পল্লী বিদ্যুতের শতাধিক খুঁটি। সরেজমিন গিয়ে দেখা যায় বয়ারচরের তিনদিক থেকে নদী ভাঙছে। একদিকে ভুলুয়া নদী বাকী দুইদিক থেকে মেঘনা নদীর ভাঙন অব্যহত রয়েছে। ভাঙন কবলিত এলাকার নদীর তীরবর্তী পল্লী বিদ্যুতের শতাধিক খুঁটি মেঘনার ভাঙনে বিপর্যস্ত হয়ে পড়ে। নদীর তীর এলাকার রাস্তাঘাট, কৃষি জমি ও মানুষের বসতবাড়ি ভেঙে নদীর পেটে চলে যায়। নদীর তীরবর্তী বিদ্যুতের সংযোগ লাইন ছিল। মেঘনার ভাঙনের ফলে বিদ্যুতের লাইনও ভেঙে গেছে। এতে শতাধিকের বেশি খুঁটি নদীতে পড়ে যায়। কোথাও খুঁটি উপড়ে পড়েছে, কোথাও এখনো খ্ুঁটি দাঁড়িয়ে রয়েছে, আবার কোথাও বৈদ্যুতিক অবকাঠামো ভাঙনের কবলে পড়ে হারিয়ে গেছে নদীর গভীরে। দীর্ঘদিন ধরে এসব খুঁটি নদীগর্ভে পড়ে থাকলেও সেগুলো উদ্ধারে কার্যকর কোনো পদক্ষেপ নেননি সংশ্লিষ্ট পল্লী বিদ্যুত অফিস।

বয়ারচরের ৫,৬ ও ৯ নম্বর ওয়ার্ড এলাকার মেঘনার তীরে এসব খুঁটি পড়ে রয়েছে। গাবতলি সুইজগেইট এলাকায় গিয়ে দেখা যায়, বিদ্যুতের খুঁটিগুলো নদীতে পড়ে রয়েছে। জোয়ারের স্রোতে বেশ কিছু খুঁটি নদীর পেটে চলে গেলেও এখন শতাধিক খুঁটি নদীর তীরেই পড়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। স্থানীয় চরগাজী ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার ইব্রাহিম খলিল দিদার বলেন, নদীগর্ভে হারিয়ে যাওয়া খুঁটিগুলোর প্রকৃত সংখ্যা, আর্থিক মূল্য ও উদ্ধারের সম্ভাবনা নিরূপণে জরুরি তদন্ত প্রয়োজন। রামগতি জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) খায়রুল ইসলাম বলেন, বিষয়টি তার জানা নেই। ঘটনাস্থলে লোক পাঠিয়ে খুঁটিগুলো উদ্ধারের ব্যবস্থা করবেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত