
দেশের বর্তমান বন্যা পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। গতকাল সোমবার সামাজিক মাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি বন্যার্তদের পাশে দাঁড়ানোর পাশাপাশি বন্যা মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
পোস্টে তিনি লেখেন, ‘গত কয়েকটা দিন ধরে চারিদিকের জলমগ্ন ছবিগুলো, মানুষের হাহাকার আর অসহায়ত্ব দেখে কিছুতেই চোখ ফেরাতে পারছি না। বুকটা ভারী হয়ে আসছে। আমাদের দেশটা আজ কী ভীষণ এক দুর্যোগের মধ্য দিয়ে যাচ্ছে। জলমগ্ন প্রতিটি মুখ, আশ্রয়হীন প্রতিটি পরিবার আর অবোধ শিশুদের জলছল চোখগুলো সারাক্ষণ চোখের সামনে ভাসছে। কিন্তু মানুষের এই লড়াইটা শুধু পানি কমার নয়। আসল যুদ্ধটা হয়তো শুরু হবে পানি নেমে যাওয়ার পর।’
দুর্যোগের সময়ে সমাজের অসহায় মানুষগুলোর প্রতি বাড়তি যত্ন নেওয়ার কথা উল্লেখ করে জয়া লিখেছেন,‘পানি কমলেই ধেয়ে আসবে নানা রকম পানিবাহিত রোগব্যাধি। এই সময়ে আমাদের একটুখানি অসচেতনতা কিন্তু আরও বড় বিপর্যয় ডেকে আনতে পারে। তাই দয়া করে এখন থেকেই সবাই সর্বোচ্চ সতর্ক হোন। নিরাপদ পানি ও শুকনো খাবারের পাশাপাশি আমাদের একটু বাড়তি নজর দিতে হবে আমাদের চারপাশের সবচেয়ে সংবেদনশীল মানুষগুলোর প্রতি। আমাদের ঘরের এবং আশপাশের বৃদ্ধ মানুষগুলো, গর্ভবতী মায়েরা আর কোমলমতি শিশুরা এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি অসহায়। নোংরা পানি আর স্যাঁতসেঁতে পরিবেশ থেকে ওদের একটু আগলে রাখুন। ওদের মানসিক আর শারীরিক স্বাস্থ্যের খোঁজ নিন।’
অভিনেত্রী আরও লিখেছেন, ‘আমাদের আশপাশের অবোলা গৃহপালিত প্রাণীগুলোর কথা ভুলবেন না। বিপদের দিনে ওরা তো মুখ ফুটে কষ্টের কথা বলতে পারে না। বুকফাঁটা আর্তনাদ নিয়েও ওরা শুধু চেয়ে থাকে। আপনার সাধ্যমতো ওদের একটু নিরাপদ শুকনো জায়গা দিন, একটুখানি খাবার দিন। ওরাও তো আমাদের এই প্রকৃতিরই অংশ, আমাদের পরিবারের মতোই।’
সবশেষে জয়া লিখেছেন, ‘দুর্যোগ হয়তো আমাদের পরীক্ষা নিচ্ছে, কিন্তু আমাদের ভেতরের মানুষত্ব আর সহমর্মিতা যেন হেরে না যায়। আমরা যদি নিজের জায়গা থেকে সচেতন হই, একে অপরের হাতটা শক্ত করে ধরি এই কঠিন সময় ঠিকই কেটে যাবে।’