
দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী ভাগ্যশ্রী বোরসে পর্দায় এখন সফলতার মুখ দেখছেন। তবে এই সাফল্যের পেছনে লুকিয়ে আছে দীর্ঘ সংগ্রামের গল্প। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের শৈশবের আর্থিক সংকট, বাবা-মায়ের সংগ্রাম এবং সেই অভিজ্ঞতা কীভাবে তাকে আজকের অবস্থানে পৌঁছাতে অনুপ্রাণিত করেছে, তা অকপটে তুলে ধরেছেন এই অভিনেত্রী।
‘অনারেস্ট টাউনহল’-এ দেওয়া সাক্ষাৎকারে ভাগ্যশ্রী বলেন, তার জন্মের সময়ই বাবা চাকরি হারান। এরপর দীর্ঘ সময় ধরে পরিবারকে কঠিন আর্থিক সংকটের মধ্য দিয়ে যেতে হয়েছে।
অভিনেত্রীর ভাষায়, ‘আমার জন্মের পর থেকেই জীবনের এক ভিন্ন বাস্তবতা দেখেছি। আমরা নিম্ন-মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছি। স্থিতিশীল জীবন কেমন, তা ছোটবেলায় কখনও দেখিনি। বরং দেখেছি, বাবা-মা প্রতিনিয়ত সন্তানদের জন্য লড়াই করছেন, কখনও হাল ছাড়েননি। কারণ আমরা একেবারে শূন্য থেকে উঠে এসেছি।’ তিনি জানান, ছোটবেলায় টাকার গুরুত্ব না বুঝলেও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বাবা-মায়ের প্রতিটি হিসাব-নিকাশ তার চোখে পড়ে।
‘শিশু বয়সে টাকা কী, সেটা বোঝার সুযোগ থাকে না। তখন শুধু খেলাধুলা আর ভালোভাবে খাওয়াদাওয়াই গুরুত্বপূর্ণ মনে হয়। কিন্তু বড় হওয়ার পর দেখেছি, ১০ টাকার কাঁচামরিচ, ১০ টাকার পালং শাক-সবকিছুর হিসাব রাখা হতো। বাবা-মা ভাবতেন, এই সপ্তাহে যদি ৩০০ রুপি খরচ হয়, তাহলে পরের সপ্তাহ কীভাবে চলবে। তাদের সেই সংগ্রাম আমাকে জীবনের সবচেয়ে বড় শিক্ষা দিয়েছে।’ সবচেয়ে আবেগঘন স্মৃতির কথা বলতে গিয়ে ভাগ্যশ্রী জানান, একসময় নিজের বাবাকে অন্যের কাছে চাকরির জন্য অনুরোধ করতে দেখেছিলেন।