
দেশের বর্তমান ভয়াবহ বন্যা পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। একই সঙ্গে শহর ও এর আশপাশে সৃষ্ট বন্যা ও জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল সোমবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান। নিলয় আলমগীর লেখেন, ‘বাংলাদেশে বন্যা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। মহান আল্লাহ যেন সবাইকে এই দুর্যোগ মোকাবিলা করার শক্তি দেন। প্রাকৃতিক দুর্যোগের ওপর কারো হাত নেই। কিন্তু শহর ও শহরের আশপাশে বারবার কেন বন্যা ও জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে তার প্রকৃত কারণ খুঁজে বের করে স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া জরুরি।’