
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক মতবিনিময় সভা গতকাল মঙ্গলবার উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন।
সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, পুলিশের রমনা বিভাগের এডিসি মো. শওকত আলী, রমনা জোনের এডিসি রব্বানী হোসেন, নিউমার্কেট জোনের এসি মো. জাহাঙ্গীর কবিরসহ রমনা, শাহবাগ ও নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং ক্যাম্পাসকে অস্থিতিশীল করার যে কোনো অপতৎপরতার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকার উপর গুরুত্বারোপ করা হয়। উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। উদ্যানে গাঁজা ও অন্যান্য মাদকদ্রব্য সেবনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স নীতি’ অবলম্বনের বিষয়ে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি