ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

‘রাজশাহীতে আধুনিক মিট প্রসেসিং সেন্টার হবে’

‘রাজশাহীতে আধুনিক মিট প্রসেসিং সেন্টার হবে’

রাজশাহীতে একটি আধুনিক মিট প্রসেসিং সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, একসময় রাজশাহীর মানুষের অন্যতম বিনোদনকেন্দ্র ছিল কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা। কিন্তু দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে এর ঐতিহ্য নষ্ট হয়েছে। আধুনিকায়নের মাধ্যমে চিড়িয়াখানাটি নতুনভাবে গড়ে তোলা হবে।

গতকাল সোমবার সকালে রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

পরিদর্শনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন প্রতিমন্ত্রীকে চিড়িয়াখানার বিভিন্ন পশুপাখির খাঁচা, রাইড ও অন্যান্য স্থাপনা ঘুরে দেখান। এ সময় প্রাণিসম্পদ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী বলেন, রাজশাহীর ঐতিহ্যবাহী এই চিড়িয়াখানাকে আধুনিকায়ন করে সাফারি পার্কের আদলে গড়ে তোলার সম্ভাবনা যাচাই করা হবে। খুব শিগগিরই একটি বিশেষজ্ঞ দল পাঠানো হবে।

তাদের সুপারিশের ভিত্তিতে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি চিড়িয়াখানার প্রাণীগুলো কোথায় স্থানান্তর করা হয়েছে এবং তাদের বর্তমান অবস্থা কী- ­তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, রাজশাহীতে একটি আধুনিক মিট প্রসেসিং সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য রাজশাহী সিটি কর্পোরেশন সম্ভাব্য স্থান নির্ধারণ করেছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে নিরাপদভাবে মাংস সংরক্ষণ ও বাজারজাত করা সম্ভব হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত