
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত ৫ শতাংশ কর হ্রাসের সরকারি সিদ্ধান্তকে উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। একই সঙ্গে তিনি বাংলাদেশকে আঞ্চলিক উচ্চশিক্ষা হাব হিসেবে গড়ে তুলতে গবেষণাকেন্দ্রিক উচ্চশিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা এবং জাতীয় গবেষণা ইকোসিস্টেম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন। গত রোববার রাজধানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির (এপিইউবি) আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইউজিসি চেয়ারম্যান বলেন, ৫ শতাংশ কর হ্রাস শুধু আর্থিক সুবিধা নয়, বরং উচ্চশিক্ষার গুণগত উন্নয়নের একটি সুযোগ। বিশ্ববিদ্যালয়গুলো এই অর্থ শিক্ষক-শিক্ষার্থীর দক্ষতা উন্নয়ন, চাহিদাভিত্তিক শিক্ষা এবং মানসম্মত গবেষণায় ব্যয় করবে বলে আমরা আশা করি। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি