ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

মাদক সেবনের জেরে ডামুড্যায় গৃহবধূকে হত্যা, স্বামী আটক

মাদক সেবনের জেরে ডামুড্যায় গৃহবধূকে হত্যা, স্বামী আটক

শরীয়তপুরের ডামুড্যায় মাদক সেবনে বাধা দেওয়া ও পারিবারিক কলহের জেরে লামিয়া বৃষ্টি (২১) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী রবিউল ছৈয়ালকে আটক করেছে ডামুড্যা থানা পুলিশ।

সোমবার (২ নভেম্বর) রাত ৮টার দিকে ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের কনেশ্বর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতের বাবা আল আমিন মাদবর বাদী হয়ে রবিউল ছৈয়ালকে আসামি করে ডামুড্যা থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

ডামুড্যা থানা পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ছয় বছর আগে উপজেলার কনেশ্বর গ্রামের আলী আজগর ছৈয়ালের ছেলে রবিউল ছৈয়ালের (২৪) সঙ্গে একই এলাকার সুতলকাঠি গ্রামের আল আমিন মাদবরের মেয়ে লামিয়ার প্রেমের সম্পর্কের মাধ্যমে বিয়ে হয়। বিয়ের পর থেকে রবিউল মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ নিহতের স্বজনদের। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো।

এক সপ্তাহ আগে মাদক সেবন ও বিক্রি বন্ধ না করলে রবিউলকে তালাক দেওয়ার কথা জানিয়ে বাবার বাড়ি চলে যান লামিয়া। সোমবার দুই পরিবার ও স্থানীয় সালিশের মাধ্যমে তাদের মধ্যে বিরোধ মীমাংসা করে দেওয়া হয়। সালিশকারীরা চলে যাওয়ার পর লামিয়ার সঙ্গে আবারও কথা-কাটাকাটি শুরু হয় রবিউলের।

একপর্যায়ে রবিউল লামিয়াকে পাশের বাড়ির একটি ডোবার কাছে নিয়ে যান। সেখানে দুজনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে লামিয়ার গলায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যান তিনি।

পরে নিহতের ছোট ভাই ওবায়দুল মাদবর তাকে খুঁজতে গিয়ে ডোবায় পড়ে থাকতে দেখেন। স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে অভিযুক্ত রবিউলকে আটক করে পুলিশ।

নিহতের মা শাহিদা আক্তার বলেন, বিয়ের পর থেকেই রবিউল মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। এ নিয়ে কথা বললে প্রায়ই তার মেয়েকে মারধর করতেন। গত সপ্তাহে রবিউলকে তালাক দেওয়ার কথা বলে বাবার বাড়িতে চলে আসেন তার মেয়ে। সোমবার স্থানীয় সালিশের মাধ্যমে দুজনের বিরোধ মীমাংসা করে সালিশকারীরা চলে যাওয়ার কিছুক্ষণ পরই তিনি জানতে পারেন, তার মেয়েকে গলা কেটে হত্যা করে রবিউল পালিয়ে গেছেন। মেয়ের হত্যাকারীর দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন তিনি।

ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক সেবন ও পারিবারিক কলহের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার পরপরই মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে অভিযুক্ত রবিউলকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে রবিউলকে আসামি করে মামলা করেছেন। মামলার তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

স্বামী আটক,গৃহবধূকে হত্যা,ডামুড্যা,মাদক সেবনের জের
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত