
পাবনার সাঁথিয়ায় পারিবারিক কলহের জের ধরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের রাউতি গ্রামে। নিহত শাহিন (৩০) রাউতি গ্রামের রওশন আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাউতি গ্রামের রওশন আলীর দুই ছেলে বাবুল ও শাহীনের পৃথক সংসার। বড় ছেলে বাবুল তার পিতা রওশন আলীর ভরণ পোষণ দিতো।
গত মঙ্গলবার দুপুরে খাবার খাওয়া নিয়ে পিতার সঙ্গে বড় ছেলে বাবুলের তর্ক-বির্তক হয়। এসময় বিষয়টা নিয়ে ছোট ভাই শাহিন বড় ভাইয়ের সঙ্গে তর্কে জরায়। তর্ক-বিতর্কের এক পর্যায়ে বড় ভাই বাবুল ক্ষিপ্ত হয়ে ছোট ভাই শাহিনকে এলোপাতাড়ি লাঠি দিয়ে মারপিট করে। এতে শাহীন গুরুতর আহত হয়।
স্বজনরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শাহীনের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করেন। রোগীর আত্মীয়-স্বজন রোগীকে নিয়ে ঢাকা যাওয়ার পথে নিজ বাড়িতে টাকা পয়সা নেওয়ার জন্য আসে। বাড়িতে আসার পর রোগীর অবস্থার ব্যাপক অবনতি ঘটে তার কিছুক্ষন পর রোগী বাড়িতেই মারা যায়।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল লতিফ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।