
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ১০ নম্বর ইউনিয়নের জনকল্যাণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ভবনের একটি বিম ধসে পড়ে তিন শিক্ষার্থী আহত হওয়ার ঘটনা ঘটেছে। ক্লাস চলাকালীন সময়ে এ দুর্ঘটনা ঘটায় পুরো বিদ্যালয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানা যায়, বিদ্যালয়ের একতলা বিশিষ্ট পুরোনো ভবনের একটি কক্ষে পাঠদান চলছিল। হঠাৎ করেই ছাদের বিমের একটি অংশ ভেঙে নিচে পড়ে। এতে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সামিয়া আক্তার, ঋতু বনিক ও সাদিয়া সুলতানা আহত হয়। পরে শিক্ষক ও স্থানীয়দের সহায়তায় দ্রুত তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, জনকল্যাণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে মোট ৩৯৬ জন শিক্ষার্থী রয়েছে। শিক্ষক সংখ্যা ১২ জন এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী রয়েছে ৭ জন। দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান চালিয়ে আসছিলেন শিক্ষক ও শিক্ষার্থীরা। স্কুল ঘুরে দেখা যায়, ভবনের বিভিন্ন কক্ষের একাধিক বিমে বড় বড় ফাটল ধরেছে, যা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। এসব ফাটল শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম জানান, আমাদের এই ভবনটি ১৯৯০ সালে নির্মিত, যেখানে তিনটি কক্ষ রয়েছে। দীর্ঘদিন ধরে ভবনের বিমে ফাটল দেখা দিচ্ছিল। ২০২২ সালে স্থানীয় চেয়ারম্যানের অর্থায়নে প্লাস্টারের কাজ করা হলেও পরবর্তীতে ভূমিকম্পের পর আবারও ফাটল দেখা দেয়। তিনি আরও বলেন, ২০২৫ সালের ১১ ডিসেম্বর আমরা বিষয়টি লক্ষ্মীপুরের প্রকৌশলীকে অবগত করি। এর অনুলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকেও দেওয়া হয়েছিল। এ বিষয়ে ইঞ্জিনিয়ার কয়েকবার পরিদর্শনে এসেছিলেন। আমরা তাকে বিমের ফাটলের ছবি ও ভিডিও পাঠিয়ে ঝুঁকিপূর্ণ কিনা জানতে চাই, কিন্তু কোনো কার্যকর সহযোগিতা পাইনি। ঘটনার পর অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। এক অভিভাবক বলেন, আমরা সন্তানদের স্কুলে পাঠাই লেখাপড়ার জন্য, কিন্তু নিরাপত্তাহীন পরিবেশে নয়।