
লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় ১২.৬ কিলোমিটার দীর্ঘ সি খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার কাফিলাতলী বাজার এলাকায় এ প্রকল্পের উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি।
খালটি উত্তর হামছাদী ইউনিয়ন থেকে শুরু হয়ে দক্ষিণ হামছাদী ইউনিয়ন, ৭নং বামনী ইউনিয়ন এবং ৬নং কেরোয়া ইউনিয়ন অতিক্রম করে রায়পুর পৌরসভার ঢাকাতিয়া নদী পর্যন্ত বিস্তৃত হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কুমিল্লা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক, লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সাহাদাত হোসেন সেলিম, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান, পুলিশ সুপার আবু তারেক, জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, হামছাদী ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী সদর পূর্ব যুবদলের সভাপতি একেএম পরিদ উদ্দিনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ জামান খান জানান, খাল খননের প্রায় ৪০ শতাংশ কাজ স্থানীয় শ্রমিকদের মাধ্যমে সম্পন্ন করা হবে এবং বাকি ৬০ শতাংশ কাজ ভেকু (এক্সকাভেটর) মেশিনের মাধ্যমে করা হবে। সংশ্লিষ্টরা আশা করছেন, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, জলাবদ্ধতা কমবে এবং কৃষি কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়বে।