
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত বন্যা তালুকদার (২০) সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার রামদীঘা গ্রামের কণক তালুকদারের মেয়ে এবং কলমাকান্দা উপজেলার বাউসারী (উত্তরপাড়া) এলাকার কান্ত সরকারের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার সকাল আনুমানিক ১১টা থেকে দুপুর দেড়টার মধ্যে যেকোনো এক সময় স্বামীর বাড়ির নিজ বসতঘরে দরজার পাইপের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিনি।
ঘটনার সময় বাড়ির অন্য সদস্যরা হাওরে ধান শুকানোর কাজে ব্যস্ত ছিলেন। পরে দুপুর ১টার দিকে ভাশুরের ছেলে দিগন্ত সরকার (৮) বাড়িতে এসে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পায়। সন্দেহ হলে দরজার ফাঁক দিয়ে উঁকি দিয়ে সে তার কাকিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেয়। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সিদ্দিক হোসেন জানান, লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।