
লক্ষ্মীপুরের কমলনগরে বজ্রপাতে লিমা আক্তার (১৭) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলার হাজিরহাট ইউনিয়নের সাতদরুন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লিমা ওই এলাকার মাছ ব্যবসায়ী মো. খোকনের মেয়ে। তিনি কুরআনে হাফেজ ছিলেন।
স্থানীয়রা জানান, ঘটনার সময় লিমা নিজ বাড়ির উঠানে কাজ করছিলেন। এ সময় বৃষ্টির সঙ্গে আকস্মিক বজ্রপাত ঘটলে তিনি আঘাতপ্রাপ্ত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফজুমিয়ারহাট পপুলার ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় হাজিরহাট ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আপেল মাহমুদ জানান, তিন মাস আগে লিমার মায়ের মৃত্যু হয়েছিল। মায়ের মৃত্যুর শোক কাটিয়ে উঠার আগে লিমার এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে। কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।