
পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকী বলেছেন, মাদকের ভয়াবহতার কাছে মা-বাবা, ভাই-বোন, নিকট স্বজন কেউ নিরাপদ নই। তারা মাদকের টাকার জন্য যে কোনো সময়, যে কোনো কাউকে খুন করার উদাহরণ আছে।
মাদকসেবি ও কারবারি এমন কোনো জঘন্য কাজ নেই, যা তারা করতে পারে না। এজন্যই মাদকের বিরুদ্ধে সামাজিক ও রাজনৈতিক ঐক্য গড়ে তুলতে হবে। কোনো মাদককারবারি গ্রেপ্তার হলে তাকে ছাড়িয়ে নিতে কোনো ধরনের তদবির করা হবে না বলেও তিনি দৃঢ় অবস্থান ব্যক্ত করেন। তিনি বলেন, বাঞ্ছারামপুর, হোমনা, নবীনগর ও মুরাদনগর এলাকায় পুলিশ প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে। যারা মাদকের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং সমাজে তাদের কোনো স্থান থাকবে না।
প্রতিমন্ত্রী সাকি আরও বলেন, মাদক আমাদের তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। সন্তানদের নিরাপদ ভবিষ্যতের জন্য মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে এখন সময়ের দাবি।