
নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জ রেললাইন সংলগ্ন মাছের খামারের পুকুর থেকে বিকাশ ব্যবসায়ী আতিকুল ইসলামের হত্যার ঘটনায় দীর্ঘ আড়াই বছর পর হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নারায়ণগঞ্জ। এ সময় হত্যাড জড়িত ৬ জনকে গ্রেপ্তার করেছে পিবিআই। গ্রেপ্তাররা হলেন- শান্ত হোসেন (২৭), আহাদ আলী (২৩), রুবেল (৩২), আশিক (২৩), জুম্মন (২৩) ও জাহিদ হাসান শুভ (২৫)। তাদের আলীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গতকাল রোববার বিকালে পিবিআই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ এ তথ্য নিশ্চিত করা হয়।
পিবিআই জানায়, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণের ভিত্তিতে গত ১৩ মে ভোরে ফতুল্লার আলীগঞ্জ বাজার এলাকা থেকে মামলার মূল আসামি শান্ত হোসেনকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই বাকি পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
পিবিআই আরও জানায়, গ্রেপ্তার হওয়া আসামিদের মধ্যে শান্ত হোসেন ও আহাদ আলী আদালতে স্বেচ্ছায় দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। অন্য আসামিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হলে তারাও হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা প্রাথমিকভাবে স্বীকার করে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।
পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ বলেন, আসামিদের মধ্যে শান্ত হোসেন (২৭) ও আহাদ আলী (২৩) ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। তথ্যপ্রযুক্তি, গোয়েন্দা নজরদারি ও ধারাবাহিক তদন্তের মাধ্যমে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন সম্ভব হয়েছে।