
ভূমিসেবা সহজে সরাসরি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সারা দেশে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে দেশব্যাপী এই ভূমিসেবা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর দেশব্যাপী স্থানীয়ভাবে মেলার উদ্বোধন করা হয়। মেলায় সেবাগ্রহীতাদের তাৎক্ষণিক পরামর্শ ও বিভিন্ন অনলাইন সেবা প্রদান করা হয়। এছাড়াও ডিজিটাল ভূমিসেবা কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা হয়।
নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ জেলায় ভূমিসেবা মেলার উদ্বোধন অনুষ্ঠান আয়োজন করা হয়। গতকাল মঙ্গলবার সদর, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জে সহকারী কমিশনার ভূমি এর কার্যালয় খানপুরে এই মেলার উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির। এ মেলা চলবে আগামী ২১ মে পর্যন্ত। মেলা চলাকালীন সেবাগ্রহীতারা স্টলে এসে নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন করসহ ভূমি সংক্রান্ত যেকোনো সেবা গ্রহণ করতে পারবেন। এ সময় জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করতে সরকার ডিজিটাল ও অটোমেটেড ব্যবস্থাপনা চালু করেছে। এই মেলার মূল উদ্দেশ্য হলো ভূমিসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং দালালমুক্ত পরিবেশে স্বচ্ছতার সঙ্গে সেবা প্রদান করা। তিনি আরও বলেন, ‘মেলায় আগত সেবাগ্রহীতারা তাৎক্ষণিকভাবে ই-নামজারির আবেদন, খতিয়ানের সার্টিফাইড কপি সংগ্রহ, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, মৌজা ম্যাপ ও জমির তথ্য যাচাই করতে পারবেন। কোনো হয়রানি ছাড়াই নির্ধারিত সময়ের মধ্যে সেবা দেওয়া হবে। ভূমি নিয়ে নাগরিকদের যেকোনো অভিযোগ সরাসরি আমাদের হেল্প ডেস্কে জানালে দ্রুত সমাধান করা হবে। সুরক্ষিত ভূমি ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে সকলের সহযোগিতা প্রয়োজন।’ উদ্বোধন অনুষ্ঠান উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. আজহারুল ইসলাম মান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, অতিরিক্ত পুলিশ সুপার, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, নারায়ণগঞ্জ জেলা তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান উজ্জ্বলসহ নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ভূমিগণ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, ভূমিসেবা গ্রহীতাসহ ভূমি সংশ্লিষ্ট অন্যান্য অংশীজন।
ফরিদপুর : ফরিদপুরে তিন দিনের ভূমিসেবা সপ্তাহ মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়, এর আগে বেলুন উড়িয়ে এবং ফিতা কেটে মেলার উদ্বোধন করা হয়। পরের জেলা প্রশাসক অতিথিদের নিয়ে বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে নানা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব ও প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে ভূমিসেবা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সোহরাব হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিন্টু বিশ্বাস, ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া, সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, জোনাল সেটেলমেন্ট অফিসার মো. নজরুল ইসলাম এবং ফরিদপুর জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র তাওহিদ আলম ওশান।
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা ভূমি অফিস চত্বরে গিয়ে শেষ হয়। পরে বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন, পুলিশ সুপার বেলাল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আশাদুল হকসহ অন্যান্যরা। উদ্বোধন শেষে উপজেলা ভূমি অফিস চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, বর্তমান সরকার ভূমি ব্যবস্থাপনাকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে ডিজিটাল সেবার পরিধি বৃদ্ধি করেছে। অনলাইনের মাধ্যমে নামজারি, খতিয়ান ও ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন সেবা গ্রহণের সুযোগ তৈরি হওয়ায় সাধারণ মানুষ এখন দ্রুত ও হয়রানিমুক্ত সেবা পাচ্ছেন। তারা আরও বলেন, ভূমিসেবা মেলার মাধ্যমে জনগণকে ভূমি সংক্রান্ত আধুনিক ও ডিজিটাল সেবা সম্পর্কে সচেতন করার পাশাপাশি সরাসরি সেবা প্রদান করা হচ্ছে। এতে সাধারণ মানুষের ভোগান্তি কমবে এবং ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।
কুষ্টিয়া : কুষ্টিয়া সদর উপজেলা ভূমি অফিস চত্বরে এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই মেলার আনুষ্ঠানিক সূচনা করা হয়। এর আগে ভূমি সেবামেলা উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভা যাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌহিদ বিন-হাসান। আগামী ২১ মে পর্যন্ত টানা তিন দিনব্যাপী চলবে এই মেলা। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন,ভূমি ব্যবস্থাপনাকে সম্পূর্ণ আধুনিক ও ডিজিটালাইজড করার মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর। অটোমেটেড ভূমি ব্যবস্থাপনার ফলে জনগণের সময় ও হয়রানি যেমন কমবে, তেমনি ভূমির মালিকানা সুরক্ষিত হবে। ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় এই বিশেষ সেবা মেলার আয়োজন করেছে কুষ্টিয়া জেলা প্রশাসন এবং কুষ্টিয়া সদর উপজেলা ভূমি অফিস। উদ্বোধনী অনুষ্ঠানে কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আবদুল ওয়াদুদ, কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকির হোসেন, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রনব কুমার সরকার, কুষ্টিয়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিনসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তারা।
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের ৯টি উপজেলায় ৩ দিন দিনব্যাপী ভূমি মেলা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা অডিটোরিয়ামে এ মেলা উদ্বোধন করে উপজেলা প্রশাসন। এ মেলার সফলতা লক্ষে বর্ণাঢ্য র্যালিও বের করা হয়। জেলার কাজিপুর, রায়গঞ্জ, তাড়াশ, উল্লাপাড়া, বেলকুচি, চৌহালী, শাহজাদপুর, কামারখন্দ ও সিরাজগঞ্জ সদর উপজেলায় এ মেলার আয়োজন করা হয়। ভূমির সপয়মড় মানুষের সম্পর্ক জন্মণ্ডজন্মান্তরের। এজন্য ভূমি সেবায় শতভাগ স্ব”ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, যেন কোনো নাগরিক হয়রানির শিকার না হন। উপজেলা ভূমি অফিস সাধারণ মানুষকে দ্রুত ও স্বচ্ছ সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এ মেলায় নামজারি, জমা-খারিজ, খতিয়ান যাচাই, ভূমি উন্নয়ন কর পরিশোধসহ ডিজিটাল ভূমিসেবা এক ছাদের নিচে দেয়া হচ্ছে। এতে সাধারণ মানুষকে আর বারবার অফিসে দৌড়াতে হবে না। উদ্বোধনী মেলায় উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও অনান্য কর্মকর্তাসহ সরকার দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রংপুর : গতকাল মঙ্গলবার ভূমি অধিদপ্তরের সহযোগিতায় রংপুর বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে রংপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম (এনডিসি)।
অনুষ্ঠানে বেলুন ও ফেস্টুন উড়িয়ে ভূমিসেবা মেলা, ২০২৬-এর উদ্বোধন করেন রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম। উদ্বোধন শেষে ভূমিসেবা মেলা উপলক্ষ্যে রংপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাপ্ত হয় পরে সেখানে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, ভূমি ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ সেবা খাত, যেখানে সহকারী কমিশনার (ভূমি) প্রধান ভূমিকা পালন করেন। এই ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও জনবান্ধব করতে তাদের নিয়মিত মনিটরিং জোরদার করা জরুরি।
সাধারণ মানুষের উদ্দেশে তিনি বলেন, নিজেদের ভূমি-সংক্রান্ত কাজ সম্পর্কে সচেতন হয়ে আইন অনুযায়ী তা বুঝে নিতে হবে। কোনো অস্পষ্টতা থাকলে একজন সচেতন নাগরিক হিসাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা নিতে হবে। একটি স্বচ্ছ ও জবাবদিহিতামূলক ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে তিনি প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান। রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থেকে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক, জেলা পরিষদের প্রশাসক মোঃ সাইফুল ইসলাম প্রমুখ। এসময় সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
রাজবাড়ী : রাজবাড়ীতে ভূমিসেবা মেলা উদ্বোধন করা হয়েছে। সদর উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি শহরের সার্কিট হাউজ হয়ে পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন। এ উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক সচেতনতামূলক সভার আয়োজন করা হয়। সভায় ভূমিসেবা জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও অটোমেটেড পদ্ধতিতে পৌঁছে দেওয়া এবং এ বিষয়ে নাগরিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপমা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশিক উন নবী তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তারিফ-উল-হাসান, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, ভূমিসেবা এখন অনেক বেশি প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব হয়েছে। ডিজিটাল পদ্ধতির মাধ্যমে সাধারণ মানুষকে দ্রুত, সহজ ও স্বচ্ছ সেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। ভূমি সংক্রান্ত হয়রানি কমাতে এবং সেবার মান উন্নয়নে অটোমেশন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি আরও বলেন, ভূমিসেবা বিষয়ে জনগণের সচেতনতা বৃদ্ধি এবং অনলাইনভিত্তিক সেবা ব্যবহারে মানুষকে উৎসাহিত করতে এ ধরনের মেলার আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু হয়েছে। গতকাল সকালে সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা এ মেলার উদ্বোধন করেন। এসময় জেলা প্রশাসক তৌফিকুর রহমান, জোনাল সেটেলমেন্ট অফিসার রওনক জাহান, ডিডিএলজি রাজিয়া সুলতানা , পুলিশ সুপার সায়েম মাহমুদ, এডিসি রাজস্ব পিএম ইমরুল কায়েস, এডিএম মাসুদ হোসেন উপস্থিত ছিলেন। মেলায় ৭টি স্টল স্থান পেয়েছে।
এদিকে কাহালু উপজেলা ভূমি অফিসের উদ্যোগে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা উদ্বোধন করা হয়। উপজেলা ভূমি অফিস চত্বরে ফিতাকেটে মেলার উদ্বোধন করেন,কাহালু উপজেলা নির্বাহী অফিসার মলিহা খানম। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর মেজবাহীজ্জুলাম চৌধুরীর সভাপতিত্বে মেলায় ভূমি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভূমিসেবা মেলা উপলক্ষে অফিস চত্বরে বিনা মূল্যে ভূমি মালিকদের সেবা প্রদানের লক্ষে ৩টি অস্থায়ী অনলাইন সেবাকেন্দ্র খোলা হয়েছে।
টাঙ্গাইল : টাঙ্গাইলে ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে টাঙ্গাইল থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন জেলাপ্রশাসক শরীফা হক। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ওআইসিটি এবং রাজস্ব) মোসা. লায়লা আঞ্জুমান বানু, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার শাহীন মিয়া, সহকারী কমিশনার (ভূমি) দেওয়ান আসিফ পেলে প্রমুখ। টাঙ্গাইল জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন জনসেবা চত্বরে ২১ পর্যন্ত মেলা চলবে।
চুয়াডাঙ্গা : গতকাল মঙ্গলবার জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার। উদ্বোধনের পর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব ও প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার। সেমিনারে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম ভূমিসেবা কার্যক্রম ও ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন। সেমিনারে আরও উপস্থিত ছিলেন উপ-পরিচালক (ডিডিএলজি) শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক নয়ন কুমার রাজবংশী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিএম তারিক-উজ-জামানসহ জেলা প্রশাসনের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা প্রতিনিধিরা।
বক্তারা বলেন, ভূমি ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ, সহজ ও জনবান্ধব করতে সরকার অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা চালু করেছে। এর ফলে সাধারণ মানুষ দ্রুত ও হয়রানিমুক্তভাবে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা পাচ্ছেন। ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে ভূমি সংক্রান্ত জটিলতা কমে আসছে এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। বর্তমানে ভূমি সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান অনলাইনের মাধ্যমে হওয়ায় মানুষ ঘরে বসেই কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন।
মৌলভীবাজার : জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও ডিজিটালাইজড ভূমিসেবা পৌঁছে দেওয়া এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তিন দিনব্যাপী মৌলভীবাজারে ভূমিসেবা সপ্তাহে উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। কুলাউড়া, কমলগঞ্জ, শ্রীমঙ্গলসহ জেলার সাতটি উপজেলায় তিন দিনব্যাপী এ ভূমিসেবা মেলা চলবে। জেলা প্রশাসক জানান, তিন দিনব্যাপী এ ভূমিসেবা মেলায় সেবা বুথ স্থাপনের মাধ্যমে সেবাগ্রহীতাদের অন্যান্য সেবার পাশাপাশি আরও কিছু সেবা প্রদান করা হবে। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাঃ শাহিনা রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আবুল খয়ের, সদর উপজেরা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেন,সহকারি কমিশনার (ভূমি) লুৎফুল নাহার শারমীনসহ বিভিন্ন অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যান্য সেবাগুলোর মধ্যে রয়েছে, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য সার্ভিস পোর্টালে রেজিস্ট্রেশন সংক্রান্ত কার্যক্রম, হোল্ডিং এন্ট্রি ও অনুমোদন এবং অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানে সহযোগিতা প্রদান, ই-নামজারির আবেদন গ্রহণ, ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক প্রদান, অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ।
এছাড়াও তাৎক্ষণিকভাবে সরবরাহ, অনলাইনে মৌজা ম্যাপ ডাক বিভাগের মাধ্যমে সরবরাহ করা ও ভূমিসেবা সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসার সরাসরি উত্তর প্রদান করা হবে।
ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে তিন দিনব্যাপী ডিজিটাল ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ধামরাই উপজেলা পরিষদ চত্বরে এ ভূমি মেলার উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন। এর আগে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় সরাসরি ভূমি সেবা গ্রহিতাদের প্রশ্নের উত্তর দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন, সহকারী কমিশনার ভূমি রিদওয়ান আহামেদ রাফি। পরে এক র্যালি অনুষ্ঠিত হয়।এসময় ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন। এসময় ধামরাই উপজেলার ভূমি অফিসসহ সকল দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।
শ্রীপুর (মাগুরা) : গতকাল মঙ্গলবার সকালে শ্রীপুর উপজেলা ভূমি কর্মকর্তা আসমাউল হুসনা পিংকির সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নাজমুল ইসলাম প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন। উদ্বোধন শেষে উপজেলা ভূমি অফিস থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের হলরুমে গিয়ে একটি জনসচেতনতামূলক সভায় মিলিত হয়। সভায় ভূমি সেবা সম্পর্কে জনগণকে অবহিত করা হয় এবং বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে ভূমিবিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মামুন খাঁন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবির, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য আশরাফুল আলম জোয়ার্দার, সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার আব্বাস উদ্দীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল গণি, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন পাপন, উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদ ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা ও মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীরা।
মির্জাগঞ্জ ( পটুয়াখালী) : গতকাল উপজেলা ভূমি অফিসের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ভূমি অফিসের সামনে আয়োজিত ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাসেল মুন্সির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান ও জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল। এতে বিশেষ অতিথি ছিলেন, মির্জাগঞ্জ থানা অফিসার ইনচার্জ আবদুস সালাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসানউল্লাহ পিন্টু, সহ-সভাপতি আমিনুল ইসলাম খোকন, আনোয়ার হোসেন সিকদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সি, উপজেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারী আঃ ওয়াদুদ গোলদার প্রমুখ। এছাড়া সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা অনলাইনে জমির খাজনা প্রদান, ই-নামজারি অনলাইনে বাড়িতে বসেই প্রদান করাসহ ভূমি অফিসের সকল সেবা প্রদানের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
উখিয়া (কক্সবাজার) : উপজেলা ভূমি অফিস চত্বরে আয়োজিত মেলার উদ্বোধন করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা। উপজেলা ভূমি অফিস উখিয়ার আয়োজনে উদ্বোধনের পর ভূমি অফিস চত্বর থেকে একটি র্যালি বের হয়ে উখিয়া সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা বলেন, বর্তমান সরকার ভূমিসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে। ই-নামজারি, অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদানসহ বিভিন্ন ডিজিটাল সেবার মাধ্যমে মানুষ এখন ঘরে বসেই সহজে ভূমিসংক্রান্ত সেবা গ্রহণ করতে পারছেন।তিনি আরও বলেন, ভূমিসেবা সপ্তাহের মূল উদ্দেশ্য হলো সাধারণ জনগণকে ডিজিটাল ভূমিসেবা সম্পর্কে সচেতন করা এবং কোনো ধরনের হয়রানি ছাড়াই দ্রুত ও স্বচ্ছ সেবা নিশ্চিত করা। সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরী, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল ফজল, উখিয়া প্রেস ক্লাব সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার এবং ভূমি অফিসের তহসিলদার আবদুল করিম। পরে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, এতে ৩০ জন শিশু অংশ গ্রহণ করে।
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) : উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে র্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমান, সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা আইয়ুব আলী, উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ, পৌর বিএনপির সাধারণ মহশিন আলী, ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান জমিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম, প্রধান শিক্ষক আবু ফেরদৌস মানিক, মোস্তফা আলম প্রমুখ।
হাটহাজারী (চট্টগ্রাম) : চট্টগ্রামের হাটহাজারীতে ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সহকারী কমিশনার শাহেদ আরমানের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মুমিন। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথির বক্তব্যে ইউএনও বলেন, এলাকার সাধারণ মানুষ ভূমিসেবা নিয়ে বিভিন্ন ধরনের হয়রানি ও ভুক্তভোগী হওয়ার কারণগুলো তুলে ধরেন। বর্তমান সরকারের আমলে যেন এমন কোনো হয়রানির শিকার কেউ না হয়- এমনটাই আসা করেন সকলে। পরে ভূমি অফিস যেন সব সময় দালাল মুক্ত থাকে ও বর্তমান যারা দায়িত্বে রয়েছেন তারা যেন মানুষের হয়রানির লাগাম টানেন এমন প্রত্যাশা সকলের। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর বিএনপি আহ্বায়ক জাকির হোসেন, সদস্যসচিব অহিদুল আলম ওদু, সাংবাদিক কেশব কুমার বড়ুয়া।
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভূমি সেবা ও ভূমি মেলা ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় শ্রীমঙ্গল-হবিগঞ্জ সড়কস্থ উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী। ইউএনও মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকন, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. নুরুল আলম সিদ্দিকী ও আহ্বায় কমিটির সদস্য ইয়াকুব আলী এবং পৌর বিএনপির আহ্বায়ক মো. শামীম আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।