
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ও অনাদায়ী ঋণ দ্রুত আদায় এবং দীর্ঘদিন আটকে থাকা সম্পদ ব্যবস্থাপনায় নতুন আইনি কাঠামো তৈরি করছে সরকার। এ লক্ষ্যে 'ডিস্ট্রেসড সম্পদ ব্যবস্থাপনা আইন, ২০২৬' নামে নতুন আইন করা হচ্ছে। এরই মধ্যে আইনের খসড়ার ওপর অংশীজনের মতামত নেওয়া হয়েছে।
ঋণগ্রহীতা নির্ধারিত সময়ের মধ্যে পাওনা পরিশোধ না করলে বিশেষায়িত কোম্পানি বন্ধক রাখা সম্পদ দখল করে বিক্রি করার ক্ষমতা পাবে এমন বিধান রাখা হচ্ছে আইনে। একই সঙ্গে খেলাপি ঋণ ও অন্যান্য দুর্দশাগ্রস্ত সম্পদ কিনে নেওয়া, পুনর্গঠন, ব্যবস্থাপনা, সিকিউরিটাইজেশন এবং ঋণগ্রহীতার ব্যবসার নিয়ন্ত্রণ নেওয়ার সুযোগও রাখা হচ্ছে। দীর্ঘদিন আটকে থাকা খেলাপি ঋণ ও দুর্দশাগ্রস্ত সম্পদ দ্রুত উদ্ধারের লক্ষ্যেই এ আইন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা। তিনি বলেন, আইনটি কার্যকর হলে খেলাপি ঋণ ও দীর্ঘদিন আটকে থাকা সম্পদ ব্যবস্থাপনায় নতুন একটি বিশেষায়িত কাঠামো তৈরি হবে। এর আওতায় ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে খেলাপি সম্পদ কিনে নিয়ে তা পুনর্গঠন, দখল, বিক্রি, সিকিউরিটাইজেশন এবং প্রয়োজনে ঋণগ্রহীতার ব্যবসার নিয়ন্ত্রণ নেওয়ার সুযোগ পাবে লাইসেন্সপ্রাপ্ত বিশেষায়িত প্রতিষ্ঠান।