ঢাকা শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

বিশ্ববাজারে কিছুটা বেড়েছে স্বর্ণের দাম। যুক্তরাষ্ট্রের শুল্কনীতি নিয়ে অনিশ্চয়তা এবং যুক্তরাষ্ট্র-ইরান আলোচনাকে ঘিরে উদ্বেগের মধ্যে নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকছেন বিনিয়োগকারীরা। এতে বিশ্ববাজারে গতকাল বৃহস্পতিবার ম্ল্যূবান এই ধাতুর দামে উত্থান দেখা গেছে। তবে কমেছে রুপার দাম।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা ১৬ মিনিটে (জিএমটি) স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ০ দশমিক ৪ শতাংশ বেড়ে ৫ হাজার ১৯০ দশমিক ০১ ডলারে দাঁড়িয়েছে, এর আগে ২৪ ফেব্রুয়ারি স্বর্ণের দাম ৫ হাজার ২৪৯ ডলারে পৌঁছেছিল, যা গত ৩০ জানুয়ারি পর থেকে সর্বোচ্চ। তবে একই সময়ে এপ্রিলে ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার গোল্ডের দাম আউন্সপ্রতি ০ দশমিক ৪ শতাংশ কমে ৫ হাজার ২০৬ দশমিক ৮০ ডলারে লেনদেন হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, ডলারের দরে পতনের ফলে বিদেশি ক্রেতাদের জন্য স্বর্ণ ও রুপার মতো পণ্যগুলো আরও সাশ্রয়ী হয়ে তুলনামূলক হয়ে উঠেছে। এতে বিনিয়েগিকারীদের নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের প্রতি ঝোঁকও বেড়েছে।

ব্যাংকিং গ্রুপ সুইসকোটের বহিরাগত বিশ্লেষক কার্লো আলবার্তো ডি কাসা বলেছেন, ‘ইরান-যুক্তরাষ্ট্রের উত্তেজনা অব্যাহত থাকা এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে শুল্ক আরোপের ফলে বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তা মূলবান ধাতুর দামে ঊর্ধ্বগতি থাকবে।’ মূলত, পারমাণবিক চুক্তিতে পৌঁছাতে না পারলে ইরানে হামলা করা হবে- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন হুমকির মধ্যেই সুইজারল্যান্ডের জেনেভায় তৃতীয় দফার পরোক্ষ আলোচনায় বসছেন মার্কিন ও ইরানি কর্মকর্তারা।

২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর ইরাক আক্রমণের পর মধ্যপ্রাচ্যে সব থেকে বড় সেনা সমাবেশ করেছে মার্কিন সামরিক বাহিনী। ইরানও এই আক্রমণের জবাব দেওয়ার অঙ্গীকার করেছে। এমন একটি পরিস্থিতিতে এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। আর বিনিয়োগকারীরা দিনের শেষের দিকে মার্কিন-ইরান এই আলোচনার বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করছেন। কারণ ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার সময়ে অ-ফলনশীল সম্পদ হিসেবে স্বর্ণের দাম বৃদ্ধি পায়।

অন্যদিকে অন্যান্য মূল্যবান ধাতুর দামেও অস্থিরতা লক্ষ্য করা গেছে। গতকাল বৃহস্পতিবার স্পট সিলভারের দাম ১ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৮৮ দশমিক ১৮ ডলারে দাঁড়িয়েছে। তবে স্পট প্লাটিনামের দাম ০ দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ২ হাজার ৩০৮ দশমিক ১১ ডলার এবং প্যালাডিয়ামের দাম ০ দশমিক ৩ শতাংশ বেড়ে ১ হাজার ৮০০ দশমিক ৮১ ডলারে লেনদেন হচ্ছে। উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি সর্বকালের সর্বোচ্চ ৫ হাজার ৫৯৪ দশমিক ৮২ ডলারের পৌঁছেছিল স্বর্ণের দর, আর রেকর্ড সর্বোচ্চ ১২১ দশমিক ৬৪ ডলারে ছুঁয়েছিল রুপা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত