
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক উদ্যোক্তা উন্নয়ন এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে (এসএমই) টেকসই ভিত্তিতে এগিয়ে নিতে মাসব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে। অর্থ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ব্যাংকের এসএমই স্পেশাল প্রোগ্রাম ডিপার্টমেন্ট (এসএমইএসপিডি) এর প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন ইউনিট (পিআইইউ) ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এআইবিটিআই)-এর উদ্যোগে প্রকল্প কর্মসূচিটি ঝালকাঠিতে অনুষ্ঠিত হচ্ছে। গতকাল সোমবার আয়োজিত মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও ইডিপি-এসআইসিআইপি-এর প্রোগ্রাম ডিরেক্টর মো. মাসুম বিল্লাহ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাত হোসেন, বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের যুগ্ম পরিচালক ও এসআইসিআইপি-এর ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর আইয়ুব আলী এবং ঝালকাঠি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ এমরান সাহরিয়ার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এআইবিটিআই)-এর প্রিন্সিপাল ও এসইভিপি মোঃ আব্দুর রহিম দুয়ারী। প্রধান অতিথির বক্তব্যে মোঃ মাসুম বিল্লাহ বলেন, দেশের ক্ষুদ্র, কুটির ও মাঝারি উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, প্রযুক্তিনির্ভর ব্যবসা পরিচালনা, উদ্ভাবনী উদ্যোগের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি এবং শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যেই এ প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তিনি বলেন, দক্ষ উদ্যোক্তাই একটি শক্তিশালী অর্থনীতির ভিত্তি। তাই প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও দক্ষতাকে বাস্তব ব্যবসায় প্রয়োগের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি, নতুন উদ্যোক্তা গড়ে তোলা এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে অংশগ্রহণের জন্য তিনি প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি