
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে একটি পাটের টিনশেড গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৫০০ মণ পাটসহ আশপাশের ২১টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
সোমবার (৯ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিসের তিন সদস্য—সোহেল রানা, মাহাফুজুর রহমান ও নুর আমিন ইমন—আহত হন। তাদের উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রাজবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. সোহেল রানা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পাশের একটি তুলার মিল থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে আগুনের সঠিক কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোস্তাফিজুর রহমান বলেন, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা প্রস্তুত করে তাদের সহায়তার ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় মুহূর্তের মধ্যে পাটের গুদাম ও আশপাশের দোকানগুলো পুড়ে যায়। এতে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তারা দ্রুত সরকারি সহায়তা পাওয়ার দাবি জানান।