ঢাকা রোববার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

‘জলমহাল ব্যবস্থাপনায় মধ্যস্বত্বভোগীদের আর সুযোগ নেই’

‘জলমহাল ব্যবস্থাপনায় মধ্যস্বত্বভোগীদের আর সুযোগ নেই’

জলমহাল ব্যবস্থাপনায় দীর্ঘদিন ধরে মৎস্যজীবীদের শোষণকারী মধ্যস্বত্বভোগীদের আর সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেন, যারা ১৭ বছর ধরে মৎস্যজীবীদের অধিকার হরণ করে অবৈধভাবে ভূমির মালিক হয়েছেন, সরকার তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। গতকাল শনিবার দুপুরে সুনামগঞ্জ শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে ভূমি মন্ত্রণালয়ের আয়োজনে ‘সরকারি জলমহাল আইন, ২০২৬’ এর খসড়া চূড়ান্তকরণ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভূমিমন্ত্রী আরও বলেন, প্রকৃত মৎস্যজীবীদের মূল্যায়ন করে জলমহাল ইজারা প্রদান, মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধি এবং কৃষির অনুকূল পরিবেশ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। একইসঙ্গে অতি উগ্রবাদী গোষ্ঠী যেন দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে দেশপ্রেমিক নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। সততা ও নিষ্ঠার মাধ্যমে সমতা ও সম্মান প্রতিষ্ঠা করে নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন মন্ত্রী।

তিনি জানান, অতিবৃষ্টিতে হাওরাঞ্চলে জলাবদ্ধতা থেকে ফসলি জমি রক্ষায় সরকার কাজ করছে। এছাড়া ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতিতে সম্ভাব্য জ্বালানি সংকট যেন হাওরের ধান উৎপাদনে নেতিবাচক প্রভাব না ফেলে, সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম নুরুল, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এজেএম সালাহউদ্দীন নাগরী, ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ, সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খান মো. রেজা-উন-নবী, সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট বিভাগের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত