
কক্সবাজার সদর থানা পুলিশের অভিযানে ৫৫ লিটার নকল বিদেশি মদ ও মদ তৈরির সরঞ্জামসহ মোহন সেন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
গতকাল রোববার ভোরে কক্সবাজার পৌরসভার পশ্চিম নতুন বাহারছড়া এলাকায় মোহন সেন (৪০) এর বাসায় এ অভিযান চালানো হয়। অভিযানে তার ভাড়া বাসা থেকে ১১০ বোতল (মোট ৫৫ লিটার) নকল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এছাড়া ৭৬টি খালি বোতল, ৭২৫টি কর্ক, ৭৮০টি স্টিকার, ৫৫০টি কর্ক সিকিউরিটি সিল পেপার, ৮ ফর্দ বারকোড স্টিকার জব্দ করা হয়। এছাড়াও মদ তৈরির সরঞ্জামের মধ্যে ক্যাপ সিলিং মেশিন, সিলার মেশিন ও হিটগান এবং সাড়ে ১৬ লিটার বিভিন্ন ধরনের কেমিক্যাল (ডায়ালাইট-বি সলিউশন, অরেঞ্জ, লেমন, চকলেট ও কফি ফ্লেভার) এবং নগদ ২৮ হাজার টাকাও জব্দ করা হয়। কক্সবাজার সদর মডেল থানার ওসি ছমি উদ্দিন জানান, আটক মোহন সেনের বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।