ঢাকা সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

‘খাগড়াছড়িতে বৈসাবি উৎসব ঘিরে নিশ্চিদ্র নিরাপত্তা থাকবে’

‘খাগড়াছড়িতে বৈসাবি উৎসব ঘিরে নিশ্চিদ্র নিরাপত্তা থাকবে’

খাগড়াছড়ি সেনা রিজিয়নের কমান্ডারের ব্রিগেডিয়ার জেনারেল কেএম ওবায়দুল হক বলেছেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী জাতিগোষ্ঠীর সামাজিক আনুষ্ঠিকতা বৈসাবি উৎসবের আনন্দ নসাৎ করতে একটি চক্র তৎপরতা চালাচ্ছে বলে গোয়েন্দা তথ্য আছে। আইনশৃঙ্খলা বাহিনীর সব ইউনিট ও সামাজিক নেতারা মিলে এ তৎপরতার বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান।

বৈসাবি উপলক্ষে গতকাল খাগড়াছড়ি রিজিয়ন সদর দপ্তরের সম্মেলন কক্ষে জেলার নিরাপত্তাবিষয়ক বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি সেনা রিজিয়নের কমান্ডারের ব্রিগেডিয়ার জেনারেল কেএম ওবায়দুল হক।

বৈসাবি উৎসবকে ঘিরে নিরাপত্তা ঝুঁকির সম্ভাব্য শঙ্কা তুলে ধরেন রিজিয়ন সদর দপ্তরের জিএসটু মেজর কাজী মোস্তফা আরেফিন। তিনি বলেন, বিগত সময়ের মতো বৈসাবির উৎসব ও আনন্দঘন পরিবেশ বিঘ্নিত করতে ইউপিডিএফ নানা ধরণের তৎপরতা চালাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো, পর্যটকদের হয়রানি করা, জ্বালানি সংকটকে ইস্যু করাসহ বিভিন্নভাবে ষড়যন্ত্র করার শঙ্কা রয়েছে। তবে সমন্বিতভাবে এসব ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুতি রয়েছে বলেও জানান তিনি।

নিরাপত্তা সমন্বয় সভায় খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খাদিমুল ইসলাম, পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন, বিজিবি সেক্টরের প্রতিনিধি, গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত