ঢাকা সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

সিদ্ধিরগঞ্জে পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

সিদ্ধিরগঞ্জে পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রাখতে এবং যাত্রী সাধারণের চলাচলে ভোগান্তি কমাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শিমরাইল মোড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়ক দখল করে গড়ে উঠা ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল রোববার বেলা ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ এবং হাইওয়ে পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজা। অভিযানে আরও উপস্থিত ছিলেন- সওজের উপবিভাগীয় সহকারী প্রকৌশলী আহসান মজুমদারসহ সিদ্ধিরগঞ্জ থানা ও হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অভিযান চলাকালে বেলা সাড়ে ১১টার দিকে একটি অনাকাঙ্খিত পরিস্থিতির সৃষ্টি হয়। হাইওয়ের ওপর গড়ে ওঠা অবৈধ ফুটপাত দখলকে কেন্দ্র করে স্থানীয় দুটি পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দেয়, যা একপর্যায়ে হট্টগোলে রূপ নেয়। তবে ঘটনাস্থলে উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তাৎক্ষণিক হস্তক্ষেপে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে এবং উচ্ছেদ কার্যক্রম পুনরায় শুরু হয়।

সরেজমিনে দেখা যায়, সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় সরকারি জায়গা দখল করে ওই এলাকার প্রভাবশালী চাঁদাবাজ চক্র বিভিন্ন দোকানপাট গড়ে তুলে দীর্ঘদিন ধরে নির্দিষ্ট হারে হকারদের কাছ থেকে ভাড়া আদায় করে আসছিল। এসব দোকান থেকে এককালীন ৫০ হাজার থেকে ১ লাখ টাকা অগ্রিম নিয়ে দৈনিক ১৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত ভাড়া আদায় করা হয়ে থাকে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, একটি চক্র দীর্ঘদিন ধরে মহাসড়কের সার্ভিস লেনের একাংশ দখল করে অবৈধভাবে দোকানপাট বসিয়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছিল। এর ফলে আদমজী ইপিজেডগামী শ্রমিক ও সাধারণ যাত্রীদের প্রতিনিয়ত তীব্র যানজটের শিকার হতে হতো। উচ্ছেদ অভিযানের ফলে এখন ওই লেনে যানবাহনগুলো অনায়াসে চলাচল করতে পারবে।

অভিযান শেষে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নিয়মিত তদারকি সড়ক দখলমুক্ত রাখতে এই ধরনের উচ্ছেদ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। কেউ যদি পুনরায় সড়ক দখল করে স্থাপনা গড়ে তোলার চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও মহাসড়ক সুন্দর ও সচল রাখতে স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারদের সহযোগিতা কামনা করেছে জেলা প্রশাসন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত