
নারায়ণগঞ্জের ফতুল্লায় রপ্তানিমুখী পোশাক তৈরির একটি কারখানায় বয়লার বিস্ফোরণে দুই নারী শ্রমিকসহ ৭ জন আহত হয়েছেন। আহতরা হলেন- সাবিনা বেগম, খাদিজা, শাহীন, জাকির হোসেন, মঞ্জু মিয়া, আরিফিন ও হৃদয়
গতকাল শুক্রবার সকালে পাগলা তালতলা এলাকায় নির্ঝর নীটওয়্যার গার্মেন্টসে এ ঘটনা ঘটে।
শ্রমিকরা জানান, তিনতলা কারখানার দীর্ঘদিনের পুরোনো বয়লারটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় শ্রমিকরা নতুন ব্রয়লার বসাতে মালিকপক্ষকে বেশ কয়েকবার অনুরোধ করলেও তারা বিষয়টিকে কোনো গুরুত্বই দেননি। শুক্রবার ছুটির দিন সত্ত্বেও মালিকপক্ষ কারখানা চালু রাখেন। সকালে শ্রমিকরা কাজে যোগ দিলে তৃতীয় তলায় অবস্থিত বয়লারটি বিকট শব্দে বিস্ফোরণ হয়ে এবং আগুন ধরে যায়। এসময় সেখানে কর্মরত সাবিনা বেগম, খাদিজা, শাহীন, জাকির হোসেন, মঞ্জু মিয়া, আরিফিন ও হৃদয় আহত হন। পরে সহকর্মীরা আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালসহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। আগুনে কারখানায় মজুতকৃত বিপুল পরিমাণ থান কাপড় ও বিভিন্ন সামগ্রী পুড়ে যায়। দুর্ঘটনার পর কারখানার ভেতরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে ক্ষুব্ধ শ্রমিকরা কারখানার পিএম জসিম উদ্দিন ও সুপারভাইজার মনিরকে অবরুদ্ধ করে মারধর করেন। ছুটির দিনে কারখানা চালু রাখায় তারা ক্ষোভ প্রকাশ করেন। পরে শ্রমিকরা ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। সড়ক অবরোধের কারণে সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। শত শত যানবাহন যানজটে আটকা পড়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে আহতদের সুচিকিৎসার ব্যবস্থার আশ্বাস দিলে সড়ক অবরোধ তুলে নেয়া হয়। দুপুর ১২ টায় সড়কে যান চলাচল শুরু হয়।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিক ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এছাড়া দুর্ঘটনার কারণ সম্পর্কে তদন্তসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম।