ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

চবিতে ১১তম ‘এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন স্বর্ণপদক পুরস্কার’ অনুষ্ঠিত

চবিতে ১১তম ‘এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন স্বর্ণপদক পুরস্কার’ অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের উদ্যোগে ১১তম ‘এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন স্বর্ণপদক পুরস্কার’ (11th A F Mujibur Rahman Foundation Gold Medal Awards for Excellence in Mathematics) বিতরণী অনুষ্ঠান রবিবার (১২ জুলাই) বেলা ১২টায় মেরিন সায়েন্সস এন্ড ফিশারিজ অনুষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন। প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, আজকের এই স্বর্ণপদক প্রদান অনুষ্ঠান শুধু কয়েকজন শিক্ষার্থীকে সম্মানিত করার আয়োজন নয়; এটি শিক্ষা, গবেষণা এবং মেধার উৎকর্ষকে উদযাপনের একটি অনন্য উপলক্ষ। এ.এফ. মুজিবুর রহমান নিজের অর্জিত সম্পদ তিনি ব্যক্তিগত উত্তরাধিকারের জন্য নয়, শিক্ষার উন্নয়নের জন্য একটি ট্রাস্টের মাধ্যমে সমাজের কল্যাণে উৎসর্গ করেছেন। এজন্য আমরা তাঁর প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। তিনি বলেন, বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসনের অন্যতম লক্ষ্য হলো শিক্ষা ও গবেষণার মান আরও উন্নত করা। গবেষণা ছাড়া কোনো বিশ্ববিদ্যালয় বা জাতির টেকসই অগ্রগতি সম্ভব নয়। তাই আমাদের গবেষণা হতে হবে এমন, যার বাস্তব প্রভাব সমাজ, অর্থনীতি এবং দেশের উন্নয়নে দৃশ্যমান হবে। শুধু গবেষণা করাই নয়, গবেষণার ফল যেন মানুষের কল্যাণে আসে- সেদিকেও সমান গুরুত্ব দিতে হবে। স্বর্ণপদকপ্রাপ্ত সবাইকে আন্তরিক অভিনন্দন। বিশেষ অতিথির বক্তব্যে চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, আমি নিজেও বিজ্ঞান অনুষদের একজন শিক্ষক। আমার বিশ্বাস, গণিতই বিজ্ঞানের প্রাণ। গণিত ছাড়া বিজ্ঞানকে পূর্ণাঙ্গভাবে বোঝা সম্ভব নয়। তাই গণিতের মর্যাদা ও গুরুত্ব সবসময়ই অনন্য। আজ যারা সম্মাননা পেয়েছেন, তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন। মুজিবুর রহমান ফাউন্ডেশনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। শিক্ষার্থীদের উৎসাহিত করতে তাদের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মো. ইকবাল শাহীন খান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সালেহ্ জহুর, সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী, জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এ. এম. মাসুদুল আজাদ চৌধুরী, মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. শাহাদাত হোসেন এবং এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের ট্রাস্টি এম. নুরুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ জালাল আহাম্মদ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন বিভাগের সহকারী অধ্যাপক মাসুদা আক্তার। অনুষ্ঠানে গণিত বিষয়ে অসামান্য কৃতিত্ব প্রদর্শনকারী কৃতি শিক্ষার্থীদের হাতে মর্যাদাপূর্ণ এই স্বর্ণপদক ও পুরস্কার তুলে দেয় উপাচার্য ও অন্যান্য অতিথিরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত