প্রিন্ট সংস্করণ
০০:০০, ২৪ মে, ২০২৬
ঈদুল আজহা মুসলিম উম্মাহর অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। এটি শুধু আনন্দের উৎসব নয়, বরং ত্যাগ, আত্মসংযম, মানবিকতা ও আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্যের এক অনন্য প্রতীক। ঈদুল ফিতরের প্রায় দুই মাস পর এই উৎসব উদযাপিত হয় এবং মুসলমানদের জীবনে এক গভীর আধ্যাত্মিক তাৎপর্য বহন করে। কোরবানির মাধ্যমে মানুষ আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করে এবং নিজের ভেতরের লোভ, অহংকার ও স্বার্থপরতাকে বিসর্জন দেওয়ার শিক্ষা লাভ করে। ইসলামের বিধান অনুযায়ী সামর্থ্যবান মুসলমানদের জন্য কোরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। গরু, ছাগল, ভেড়া কিংবা দুম্বা কোরবানি করার মাধ্যমে মুসলমানরা মহান আল্লাহর প্রতি নিজেদের আনুগত্য প্রকাশ করে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো, সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে কোরবানির প্রকৃত শিক্ষা ও মূল্যবোধ অনেকাংশে আড়াল হয়ে যাচ্ছে। আত্মত্যাগের এই মহান ইবাদত আজ অনেক ক্ষেত্রেই ভোগ, প্রতিযোগিতা ও সামাজিক প্রদর্শনের এক উৎসবে পরিণত হয়েছে। কোরবানির মূল উদ্দেশ্য যেখানে তাকওয়া অর্জন ও আত্মশুদ্ধি, সেখানে এখন অনেকে এটিকে নিজেদের বিত্ত-বৈভব প্রকাশের একটি মাধ্যম হিসেবে ব্যবহার করছে। ঈদুল আজহাকে কেন্দ্র করে প্রায় এক মাস আগে থেকেই দেশের বিভিন্ন স্থানে কোরবানির পশুর হাট বসে। গ্রাম থেকে শহর সর্বত্রই জমে ওঠে এই হাটের আয়োজন। মানুষ তাদের প্রয়োজন, রুচি ও আর্থিক সামর্থ্য অনুযায়ী পশু কিনে থাকে। কেউ আগে থেকেই পশু কিনে লালন-পালন করেন, আবার কেউ ঈদের ঠিক আগমুহূর্তে পশু ক্রয় করেন। পশুর আকার, ওজন ও দামের ভিন্নতা থাকাটা স্বাভাবিক, কারণ সমাজের সবার আর্থিক অবস্থা সমান নয়। ইসলামও কখনও কাউকে সামর্থ্যরে বাইরে গিয়ে কোরবানি করতে উৎসাহ দেয়নি। বরং ইসলামের শিক্ষা হলো, নিজের সামর্থ্য অনুযায়ী আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি করা। কিন্তু বাস্তবতা হলো, বর্তমানে কোরবানির পশু কেনাকে কেন্দ্র করে সমাজে এক ধরনের অদৃশ্য প্রতিযোগিতা তৈরি হয়েছে। পশুর আকার, দাম এবং আকর্ষণ এসব বিষয় যেন অনেকের কাছে কোরবানির মূল উদ্দেশ্যের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অনেকে এমনভাবে পশু কেনেন যেন এটি ধর্মীয় ইবাদতের চেয়ে সামাজিক মর্যাদা প্রদর্শনের বিষয়। বিশেষ করে শহুরে সমাজে এই প্রবণতা আরও বেশি লক্ষ করা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমের প্রসারের ফলে এই প্রদর্শনের সংস্কৃতি এখন আরও ভয়াবহ রূপ নিয়েছে। ঈদুল আজহার আগে থেকেই অনেকে তাদের কোরবানির পশুর ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করতে শুরু করেন। কেউ পশুর দাম উল্লেখ করেন, কেউ আবার পশুর আকার ও ওজন নিয়ে গর্ব করেন। অনেকে পশুর সঙ্গে ছবি তুলে নিজেদের আভিজাত্য ও অর্থনৈতিক সামর্থ্য প্রদর্শনের চেষ্টা করেন। অথচ ইসলাম কখনও ইবাদতকে লোক দেখানো কাজে পরিণত করতে উৎসাহ দেয় না। ইসলামে নিয়তের গুরুত্ব সবচেয়ে বেশি। কোরবানির শিক্ষা এসেছে হজরত ইব্রাহিম (আ.) ও হযরত ঈসমাইল (আ.)-এর অসাধারণ আত্মত্যাগের ঘটনা থেকে। হজরত ইবরাহিম (আ.) তার নিজের পুত্রকে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দিতে প্রস্তুত ছিলেন। এটি ছিল আল্লাহর প্রতি তার অগাধ বিশ্বাস, ভালোবাসা ও আনুগত্যের এক মহান দৃষ্টান্ত। পরবর্তীতে আল্লাহ তার এই আনুগত্যে সন্তুষ্ট হয়ে হযরত ইসমাইল (আ.)-এর পরিবর্তে একটি পশু কোরবানি করার ব্যবস্থা করেন। এই ঘটনাই মুসলমানদের জন্য কোরবানির আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এখানে মূল শিক্ষা ছিল আত্মত্যাগ, ধৈর্য, সংযম ও আল্লাহর প্রতি নিঃশর্ত আত্মসমর্পণ। কিন্তু বর্তমান সমাজে সেই গভীর শিক্ষার পরিবর্তে বাহ্যিক জৌলুস ও ভোগবাদী মানসিকতা বেশি গুরুত্ব পাচ্ছে। মানুষ এখন কোরবানির আধ্যাত্মিক তাৎপর্যের চেয়ে এর বাহ্যিক আয়োজন নিয়েই বেশি ব্যস্ত। অথচ কোরবানির আসল উদ্দেশ্য পশুর রক্ত বা মাংস নয়, বরং মানুষের তাকওয়া ও আন্তরিকতা। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন, ‘আল্লাহর কাছে পৌঁছে না এগুলোর গোশত ও রক্ত, বরং পৌঁছে তোমাদের তাকওয়া।’ এই আয়াতের মাধ্যমে স্পষ্টভাবে বোঝানো হয়েছে যে, কোরবানির প্রকৃত মূল্য নিহিত রয়েছে মানুষের অন্তরের বিশুদ্ধতা ও আল্লাহভীতির মধ্যে। তাই বড় পশু কিংবা দামি পশু কোরবানি করলেই যে কোরবানির মর্যাদা বৃদ্ধি পাবে, এমন কোনো কথা ইসলামে নেই। বরং বিনয়, আন্তরিকতা ও মানবিকতার মাধ্যমেই কোরবানির প্রকৃত সৌন্দর্য প্রকাশ পায়। কোরবানি শুধু একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়; এটি সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ গড়ে তোলারও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। কোরবানির মাংস আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও দরিদ্র মানুষের মধ্যে বণ্টনের মাধ্যমে সমাজে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয়
অসহায় মানুষও ঈদের আনন্দে অংশ নেওয়ার সুযোগ পায়। কিন্তু যখন কোরবানিকে শুধুমাত্র সামাজিক মর্যাদা প্রদর্শনের বিষয় বানানো হয়, তখন এর মানবিক সৌন্দর্য ম্লান হয়ে যায়। বর্তমান সমাজে ভোগবাদ ও প্রতিযোগিতার সংস্কৃতি মানুষের মানসিকতাকে ব্যাপকভাবে প্রভাবিত করছে। মানুষ এখন নিজেকে অন্যের চেয়ে বড় প্রমাণ করার প্রবণতায় আক্রান্ত। কোরবানির পশুর হাটে গিয়ে মনে হয় যেন এটি আত্মত্যাগের নয়, বরং প্রতিযোগিতার উৎসব। বড় বড় গরুর নামকরণ, অতিরঞ্জিত প্রচারণা, উচ্চমূল্যের পশু নিয়ে আলোচনা এসব বিষয় এখন সাধারণ দৃশ্য হয়ে দাঁড়িয়েছে। মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমও অনেক সময় এই প্রবণতাকে আরও উসকে দেয়। অথচ ইসলামের শিক্ষা হলো সরলতা, বিনয় ও সংযম। ইসলাম মানুষকে অহংকার করতে নিষেধ করেছে এবং লোক দেখানো ইবাদতকে নিন্দা করেছে। তাই একজন প্রকৃত মুসলমানের উচিত কোরবানির মাধ্যমে নিজের অন্তরকে পরিশুদ্ধ করা এবং আত্মম্ভরিতা থেকে দূরে থাকা। কোরবানির প্রকৃত শিক্ষা তখনই বাস্তবায়িত হবে, যখন মানুষ নিজের ভেতরের লোভ, হিংসা ও অহংকারকে দমন করতে পারবে।
আজকের সমাজে কোরবানির প্রকৃত চেতনা ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি। আমাদের মনে রাখতে হবে, কোরবানি কোনো সামাজিক প্রতিযোগিতা নয়; এটি মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি ইবাদত। এখানে বাহ্যিক জৌলুসের চেয়ে অন্তরের বিশুদ্ধতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই আমাদের উচিত কোরবানির বাহ্যিক আয়োজন নয়, বরং এর অন্তর্নিহিত শিক্ষা ও মূল্যবোধকে গুরুত্ব দেওয়া। সমাজে মানবিকতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার জন্য কোরবানির শিক্ষাকে কাজে লাগানো প্রয়োজন। তাহলেই ঈদুল আজহার প্রকৃত তাৎপর্য আমাদের ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে প্রতিফলিত হবে।