ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

বাবার হাত ধরে এগিয়ে যাওয়া

মো. মাজহারুল ইসলাম
বাবার হাত ধরে এগিয়ে যাওয়া

ছোটবেলায় যে মানুষটি প্রথম আমার হাত ধরে হাঁটতে শিখিয়েছেন আমার প্রথম শিক্ষক এবং পথপ্রদর্শক মায়ের পরে পরম যত্নে ছায়া দিয়ে আগলে রেখেছেন সে মানুষটি আমার বাবা। আমার জীবনের সবচেয়ে বড় ভরসা তিনি। বাবার হাতে মাথা না রাখলে ছোটবেলায় ঘুম আসত না। বাবার হাতের ওপর মাথা রেখে তার কোলেই ঘুমিয়ে পড়তাম। স্কুলে যাওয়ার আগে রোজ সকালে বাবার হাত ধরে রাস্তা পার হওয়া সেই ছোট্ট অভ্যাসটাও তখন গুরুত্বহীন মনে হতো। বাবার ছোট ছোট উপদেশ, মিষ্টি শাসন, এ সবই আমাকে আজকের এতদূর নিয়ে এসেছে। বাবার সেই শাসনের আড়ালে যে মায়া আর ভালোবাসা লুকিয়ে থাকত তখন টের পাইনি এখন প্রতিদিন বুকের ভেতর অনুভব করি। তিন বছর ধরে বাড়ির বাইরে থেকে পড়াশোনা করছি। মেসের রাতগুলো দীর্ঘ হয় ঘুম আসে না। শুয়ে শুয়ে মনে পড়ে বাড়িতে বাবার পাশে গা ঘেঁষে শুলে চোখ আপনিই বুজে আসত।

রাত বাড়লে ছাদের দিকে তাকিয়ে থাকি ভাবি বাবার পাশে থাকলে এই অন্ধকারও এত ভারী লাগত না। পরীক্ষার আগের রাতে মন অস্থির হয়ে উঠলে বাবার একটা ফোনকলই সব দুশ্চিন্তা সরিয়ে দেয়। মেসে একা খেতে বসলে মন চায় না। মনে পড়ে বাবার হাতে তুলে দেওয়া এক গ্রাস ভাত সেই ছোট ছোট আদর। আজ দূরে থাকতে থাকতে বুঝেছি বাবার উপস্থিতি কতটা অমূল্য ছিল। এখনও ফোনের এপাশ থেকে যখনই কোনো আবদার করি বাবা কখনও না বলেন না।

বাবা সব সময় বলে তুমি এগিয়ে যাও, আমি তো আছি, এই কথাগুলো দূর থেকেও আমাকে সাহস দেয়। ছুটিতে বাড়ি গেলে বাবার আদরের কমতি থাকে না।

দরজায় পা দিলেই মনে হয় অনেকদিন পর মনের মধ্যে লুকিয়ে থাকা হাহাকারগুলো দূর হলো। মাঝে মধ্যে ভাবি আল্লাহ তাকে আমাদের জন্য এত অফুরন্ত ভালোবাসা দিয়েই পাঠিয়েছেন।

বাবা, তোমার ভালোবাসা যে কতটা গভীর আজ প্রতিদিন নতুন করে অনুভব করি। ছোটবেলা থেকে আজ পর্যন্ত নিজে কষ্ট করে আমাকে যেভাবে গড়ে তুলেছ সেই ঋণ শোধ হওয়ার নয়। দূরে এসে বুঝলাম তুমি কাছে না থাকলে পৃথিবীটা অসম্পূর্ণ লাগে। ছোটবেলায় তোমার হাত ধরে যে পথচলা শুরু হয়েছিল সেই পথ আজও তোমাকে ছাড়া একা লাগে। কোনোদিন বলা হয়নি বাবা, তোমাকে আমি জীবনের চেয়েও বেশি ভালোবাসি। দূরে থাকলেও তোমার ভালোবাসা কখনও ভুলব না। আজ না-বলা অনেক কথার মধ্যে থেকে কিছু কথা লিখে জানালাম। বাবা, আমি তোমাকে ভালোবাসি।

মো. মাজহারুল ইসলাম

শিক্ষার্থী, সরকারি আজিজুল হক কলেজ

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত