
ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৫তম দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে বাংলাদেশের সিনেমা ‘মানুষের বাগান’। সিনেমাটির আন্তর্জাতিক স্বীকৃতিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত সিনেমাটি পরিচালনা করেছেন নুরুল আলম আতিক। সামাজিক বিষয়ভিত্তিক শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে পুরস্কার অর্জন করে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের চলচ্চিত্রের জন্য নতুন সম্মান বয়ে এনেছে ছবিটি। গত ১৯ মে ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস-এ আয়োজিত জমকালো সমাপনী অনুষ্ঠানে চলচ্চিত্রটির পরিচালক ও পুরো টিমের পক্ষে পুরস্কার গ্রহণ করেন ভারতে নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার প্রীতি রহমান। পুরস্কার পাওয়ার অনুভূতি প্রকাশ করে অর্চিতা স্পর্শিয়া বলেন, ‘মানুষের বাগান’ শুধু একটি সিনেমা নয়, এটি আমাদের সমাজ, মানুষ আর জীবনের গল্প। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এমন সম্মান পাওয়া পুরো টিমের জন্য অনেক বড় অর্জন। একজন শিল্পী হিসেবে এই স্বীকৃতি আমাকে আরও ভালো কাজের অনুপ্রেরণা দেবে।