
বাংলাদেশ থেকে এপর্যন্ত মোট ১৪৮টি ফ্লাইটের মাধ্যমে ৫৭,৫২৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত এসব ফ্লাইট জেদ্দায় অবতরণ করে।
হজ বুলেটিন অনুযায়ী, এ পর্যন্ত স্বাভাবিক কারণে ১৪ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ১০ জন পুরুষ এবং ৪ জন নারী। এর মধ্যে ১১ জন মক্কায় এবং ৩ জন মদিনায় মারা যান। হজ বুলেটিনে আরও জানানো হয়েছে, সৌদি মেডিকেল টিম এখন পর্যন্ত ২৮,৬৬৯ জন হজযাত্রীকে চিকিৎসাসেবা দিয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে ১৬,৪৩০ জন সেবা পেয়েছেন। লোকমান হোসেন বলেন, এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮,৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। তাদের মধ্যে ৬৬০টি এজেন্সি হজ কার্যক্রম পরিচালনা করছে, যার মধ্যে ৩০টি লিড এজেন্সি এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি রয়েছে। মোট হজযাত্রীর মধ্যে ৪,৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩,৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন বলে হজ অফিস সূত্র জানিয়েছে।