
ব্যাংক এশিয়া পিএলসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিয়াউল হাসান মোল্লাকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে পদোন্নতি প্রদান করেছে। নিরলস কর্মনিষ্ঠা, দক্ষতা ও ব্যবসা উন্নয়নে আন্তরিক অবদানের স্বীকৃতিস্বরূপ ব্যাংক মোল্লাকে এ পদে উন্নীত করেছে। মোল্লা ২০১৮ সাল থেকে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। নতুন দায়িত্বের পাশাপাশি তিনি প্রধান ঋণ কর্মকর্তা (CCO), এজেন্ট ব্যাংকিং প্রধান, প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ ও কমপ্লায়েন্স কর্মকর্তা (CAMLCO) এবং ব্যাংক এশিয়া ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হিসেবেও পূর্ববর্তী দায়িত্ব পালন করবেন। ব্যাংকিং ও আর্থিক সেবাখাতে দীর্ঘ ২৫ বছরের বেশি অভিজ্ঞতাসমৃদ্ধ মোল্লা কর্পোরেট ব্যাংকিং, ঋণ ব্যবস্থাপনা, এসএমই ও রিটেইল ব্যাংকিং, ইসলামী ব্যাংকিং এবং আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ে লক্ষ্যণীয় দক্ষতা অর্জন করেছেন। ২০১৩ সালে ব্যাংক এশিয়ায় যোগদানের পর থেকে তিনি নিষ্ঠার সঙ্গে ব্যাংকের ব্যবসা উন্নয়ন, ঋণ ব্যবস্থাপনা, কমপ্লায়েন্স এবং এজেন্ট ব্যাংকিং কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি