ঢাকা শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

এক ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করল বসুন্ধরা কিংস

এক ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করল বসুন্ধরা কিংস

বেতনের দাবীতে বিদেশি ফুটবলাররা মাঠে নামেননি। তুরুপের তাস ব্রাজিলিয়ান ডরিয়েলটন গোমেজই বাজি ছিল বসুন্ধরা কিংসের। সেই বাজিতে তারা জিতেছে। কিংস আবারও প্রমাণ করল কেন তারা দেশের ফুটবলের আধিপত্যশীল শক্তি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ষষ্ঠবারের মতো বাংলাদেশ ফুটবল লিগ শিরোপা নিশ্চিত করেছে কিংস। গতকাল শুক্রবার কুমিল্লার ভাষা শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি কার্যত ছিল শিরোপা নির্ধারণী ফাইনাল। ম্যাচের আগে সমীকরণ ছিল সহজ, জিতলেই চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস, আর আবাহনী জিতলে বেঁচে থাকত তাদের আশা। সেই চাপের ম্যাচে অভিজ্ঞতা ও আক্রমণাত্মক ফুটবলে এগিয়ে থেকে শেষ পর্যন্ত জয় তুলে নেয় কিংস।

প্রথমার্ধে দুই দলই সতর্ক ফুটবল খেললেও দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নেয় কিংস। ৪৩ মিনিটে আবাহনী জালে বল ঠেলে দিলেও অফসাইডের কারণে গোল পাননি কিংসের সোহেল রানা সিনিয়র। বিরতির এই অর্ধে আবাহনীর চেয়ে দারুণ খেলেও গোলশূন্য বিরতিতে যায় কিংস।

৬২ মিনিটে এক পরিবর্তন আনে আবাহনী। মিরাজুলের জায়গায় কোচ মারুফুল হক বদলি হিসেবে নামান ব্রুনো মাতোসকে। ব্রাজিলিয়ান উইঙ্গার মাঠে নামার পরপরই বেশ কিছু আক্রমণ শানায় আবাহনী। ৬৫ মিনিটে এমেকার দারুণ ক্রসের নাগাল পাননি ব্রুনো। ৬৬ মিনিটে আরও একবার এমেকার পাসের নাগাল একটুর জন্য পেলেন না ব্রুনো। ৭২ মিনিটে বক্সে ফাহিম ঢুকে পড়লে তাকে বাধা দিয়ে পেনাল্টি হজম করেন আবাহনী অধিনায়ক আসাদুজ্জামান বাবলু। বাম দিকের টপ কর্নার দিয়ে সফল স্পট কিকে দলকে এগিয়ে দেন ডরিয়েলটন। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের লিগের ১৮তম গোলে শিরোপার সুবাস পেতে থাকলো পাঁচবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। ৭৬ মিনিটে ব্রুনো মাতোসের শট ধরে ফেলেন শ্রাবন। পরের মিনিটে শিরোপা নিশ্চিত করা গোলটি করলেন কিংসের সোহেলে রানা। ছোট সোহেলের কাছ থেকে বল পেয়ে বক্সের সামনে থেকে বা পায়ের জোরালো শটে লক্ষ্যভেদ করেন সিনিয়র সোহেল।

৮১ মিনিটে ব্যবধান ৩-০ হয়নি মিতুলের দৃঢ়তায়। ডান দিক দিয়ে উপরে উঠে পোস্টেই শট নেন সাদ উদ্দিন। সেটি আটকে দেন মিতুল, দ্বিতীয় প্রচেষ্টায় ছোট বক্সের মধ্য থেকে ইমনের শট প্রতিহত হয় আবাহনী রক্ষণে। ৮৫ মিনিটে এমেকার ডান পায়ের শট বেরিয়ে যায় একটু উপরে দিয়ে। গো করা ৮ মিনিটেও আর হার এড়াতে পারেনি আবাহনী। ২-০ ব্যবধান ধরে রেখেই মাঠ ছাড়ে কিংস। শেষ পর্যন্ত আর ম্যাচে ফিরতে পারেনি আবাহনী। বসুন্ধরা কিংস ক্লাবের জন্মের পর আর কখনও শিরোপা জেতা হয়নি আবাহনীর। সর্বশেষ ২০১৭-১৮ মৌসুমে লিগ শিরোপা জিতেছিল আবাহনী। এরপর আরও চারবার রানার্সআপ হলেও শিরোপা জেতা দূরের স্বপ্নই রয়ে গেলো আকাশি-নীলদের জন্য। আর ২০১৮ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগে অভিষেকের পর থেকেই ঘরোয়া ফুটবলে আধিপত্য বিস্তার করে আসছে বসুন্ধরা কিংস। টানা পাঁচবার লিগ জিতে তারা গড়েছিল নতুন রেকর্ড। তবে গত মৌসুমে সেই আধিপত্যে ছেদ ফেলে মোহামেডান স্পোর্টিং ক্লাব প্রথমবারের মতো শিরোপা জেতে। এবার সেই ট্রফি উদ্ধার করল কিংস।

১৭ ম্যাচ শেষে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে চ্যাম্পিয়ন হয়েছে বসুন্ধরা কিংস।

অন্যদিকে, আবাহনীর জন্য এটি আরেকটি হতাশার মৌসুম হয়ে থাকল। সমান ম্যাচে ৩৪ পয়েন্ট তাদের। ফেডারেশন কাপ থেকে আগেই বিদায় নেওয়ার পর লিগ শিরোপাই ছিল তাদের শেষ ভরসা। কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচে হেরে সেই স্বপ্নও ভেঙে গেছে আকাশি-নীলদের। লিগে দিনের অন্য ম্যাচে রহমতগঞ্জ ১-০ গোলে হারিয়েছে মোহামেডানকে। আরামবাগের বিপক্ষে ১-০ ব্যবধানে জিতেছে পুলিশ এফসি। আর পিডব্লিউডির বিপক্ষে ১-০ গোলে হেরে অবনমিত হয়ে গেলে ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাব। একদম তলানিতে থাকা দলটির সংগ্রহ ১০ পয়েণ্ট।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত