ঢাকা শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

ক্রীড়াঙ্গনের এক নিঃস্বার্থ ‘সেবক’ শরিফুল

ক্রীড়াঙ্গনের এক নিঃস্বার্থ ‘সেবক’ শরিফুল

প্রচারণা থেকে যোজন যোজন দূরে থেকে নিরবে-নিভৃতে দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে কাজ করে যাচ্ছেন এক নিবেদিতপ্রাণ ক্রীড়া সংগঠক। যার নাম মর্তুজা শরিফুল ইসলাম। পেশাগত জীবনে তিনি বিসিএস ২২তম ব্যাচের একজন মেধাবী কর্মকর্তা এবং বর্তমানে কক্সবাজারের কর কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে দাপ্তরিক ব্যস্ততার বাইরে তার ধ্যান-জ্ঞান আর নেশার পুরোটা জুড়েই রয়েছে খেলাধুলা ও সমাজসেবা। মর্তুজা শরিফুল ইসলাম শুধু একজন সংগঠকই নন, তিনি নিজে এবং তার দুই পুত্রও আন্তর্জাতিক রেটিংধারী দাবাড়ু। তার বড় ছেলে মর্তুজা মাহাথির ইসলাম ভারতের ত্রিপুরায় স্কুল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া ছাড়াও দেশে যুব গেমসে ব্রোঞ্জ পদক জিতেছেন। ছোট ছেলে মর্তুজা মুহতাদির ইসলামও যুব গেমসে স্বর্ণপদক জয়ী। সহধর্মিণীসহ তার পুরো পরিবারই যেন একটি ‘স্পোর্টস ফ্যামিলি’।

তার উদ্যোগ শুধু উৎসাহ প্রদানের মধ্যেই সীমাবদ্ধ নেই। ব্যক্তিগত তহবিল থেকে খেলোয়াড়দের স্পন্সর করা, অসুস্থ ক্রীড়াবিদদের পাশে দাঁড়ানো এবং টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে খেলার পরিবেশ সৃষ্টিতে তিনি অনন্য। করোনার স্থবির সময়ে যখন খেলাধুলা বন্ধ ছিল, তখন তিনি অকুতোভয় হয়ে পাশে দাঁড়িয়েছেন অ্যাথলেটদের। পরিস্থিতি স্বাভাবিক হলে নারায়ণগঞ্জে আয়োজন করেন ‘নুরুল ইসলাম স্মৃতি আন্তর্জাতিক টুর্নামেন্ট’। তার আগামী লক্ষ্য- কক্সবাজার সমুদ্র সৈকতে একটি আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজন করা, যার প্রাথমিক সম্ভাব্যতা যাচাইও সম্পন্ন হয়েছে। বাংলাদেশ দাবা ফেডারেশনের সাবেক যুগ্ম সম্পাদক মোরসালিন আহমেদ কক্সবাজার এসে এর সম্ভাব্যতা যাচাই করে গেছেন।

ক্রীড়ার পাশাপাশি শিক্ষার প্রসারেও তিনি সমানভাবে সক্রিয়। নারায়ণগঞ্জের সদরে ‘নুরুল ইসলাম স্মৃতি পাঠাগার’ ও বন্দরে ‘সালামা খাতুন স্মৃতি পাঠাগার’ গড়ে তুলেছেন তিনি। যেখানে দরিদ্র ছাত্রছাত্রীদের শিক্ষা উপকরণ প্রদানের পাশাপাশি নাচ, গান ও কবিতা আবৃত্তির সুযোগ রয়েছে। ঢাকা কলেজে দাবা খেলার প্রচলন ও লজিস্টিক সাপোর্ট দিয়ে তিনি তরুণ প্রজন্মের মধ্যে বুদ্ধিবৃত্তিক চর্চার দ্বার উন্মোচন করেছেন। মর্তুজা শরিফুল ইসলামের মতে, রাষ্ট্রের দেওয়া অবস্থানের প্রতিদান হিসেবে সামাজিক দায়বদ্ধতা থেকেই তিনি এসব কাজ করছেন। পদের গাম্ভীর্য ছাপিয়ে তিনি আজ দেশের ক্রীড়াঙ্গনের এক নিঃস্বার্থ ‘সেবক’ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত