অনলাইন সংস্করণ
১৭:১৮, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় নৌপথে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন নৌযান শ্রমিকেরা।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়।
বালু ব্যবসায়ী লুৎফর রহমানের সভাপতিত্বে এ মানববন্ধনে বক্তব্য রাখেন নৌযান শ্রমিক নেতা সুমন শেখ, আল-আমিন, হেলাল হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, সরকার কর্তৃক ইজারাকৃত বালুমহাল থেকে বালু সংগ্রহ করে বাল্কহেডের মাধ্যমে বিভিন্ন জেলায় সরবরাহ করে থাকি। কিন্তু চৌহালী উপজেলার জোতপাড়া ঘাট এলাকার কিছু অসাধু ব্যক্তি বাল্কহেডের গতিরোধ করে চাঁদা নেয়। এ চাঁদা দিতে অস্বীকার করলে কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়া হয়। চাঁদা না দেয়ায় তারা একটি বাল্কহেডে অগ্নিসংযোগও করেছে। অনতিবিলম্বে এসব ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। না হলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলনের ঘোষণা করা হবে।
মানববন্ধন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়ের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।