
সারা দেশে শিক্ষিত বেকার যুবকদের বেকারত্ব দূর করতে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সৃষ্টি করছে সরকার বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। গতকাল বুধবার দুপুরে সাভারের ব্যাংক টাউন এলাকায় যুব উন্নয়ন একাডেমী ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রশিক্ষণ, যুব সমাজের উন্নয়ন শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বেকার যুবকদের বিষয়ে বর্তমান সরকার অনেক কর্মসূচি হাতে নিয়েছেন। মোবাইলের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে স্বাবলম্বীভাবে গড়ে তোলা হবে। আগামীর ভবিষ্যৎ যেন নতুন কিছু পায় সেজন্য সরকার নানা পদক্ষেপ হাতে নিয়েছে বলেও জানান তিনি। এ সময় উদ্বোধনী কর্মশালায় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব-উল আলম, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মো. সাইফুজ্জামান, যুব উন্নয়ন একাডেমীর অধ্যক্ষ সেলিম খানসহ আরও অনেকে।