
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ থেকে আবারও ৪২টি হরিণ শিকারের ফাঁদ জব্দ করেছে বনবিভাগের সদস্যরা। মঙ্গলবার বিকালে মুন্সিগঞ্জ টহলফাঁড়ির আওতাধীন সুন্দরবনের ভারানি ও ছেড়ার খাল এলাকা থেকে এসব ফাঁদ জব্দ করা হয়।
গতকাল বুধবার সকালে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছন। এর আগে সোমবার সুন্দরবনের ব্যারাকখাল থেকে আরও ৪১টি ফাঁদ জব্দ করা হয়। এনিয়ে গত দুই দিনে সুন্দরবন থেকে ৮৩টি হরিণ শিকারের ফাঁদ জব্দ করা হয়েছে। তবে, এই সময়ে বনবিভাগের সদস্যরা কোর চোরাশিকারীকে আটক করতে সক্ষম হননি।
বনবিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবনের ভারানি ও ছেড়ার খাল এলাকায় কয়েকজন চোরাশিকারী সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগের মুন্সিগঞ্জ টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা জাহিদ এর নেতৃত্বে বনবিভাগের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়।
এ সময় বনের ভেতরে পেতে রাখা ৪২টি হরিণ শিকারের ‘মালা ফাঁদ’ জব্দ করা হয়। তবে, বনবিভাগের সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাশিকারীরা পালিয়ে যাওয়ায়া তারা তাদের আটক করতে সক্ষম হননি।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুল হক জানান, জব্দকৃৃত ফাঁদগুলো ধ্বংস করা হয়েছে এবং এর সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে। বন ও বন্যপ্রাণী সংরক্ষণে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি এসময়, সুন্দরবনের ভেতরে অপরাধমূলক কর্মকাণ্ডের কেউ কোনো তথ্য পেলে দ্রুত বনবিভাগকে অবহিত করার অনুরোধ জানান এবং তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি আরও জানান, বনবিভাগের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।