ঢাকা বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

হাসপাতালে দালালবিরোধী অভিযান, তিনজনের কারাদণ্ড

হাসপাতালে দালালবিরোধী অভিযান, তিনজনের কারাদণ্ড

নারায়ণগঞ্জ শহরর খানপুর ৩০০ শয্যা হাসপাতালে দালালচক্রের তৎপরতা বন্ধে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের নির্দেশনায় জেলা প্রশাসন ও র‍্যাব যৌথ অভিযান চালিয়েছে। এসময় নারীসহ চার দালালকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- খানপুর এলাকার মোজাম্মেল হক বাদল, বন্দর উপজেলার আম্বিয়া বেগম, পশ্চিম মাসদাইরের রাসেল, ফতুল্লার গাবতলী নতুন বাজার এলাকার আব্দুল মান্নান। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

গতকাল বুধবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম এবং র‍্যাব-১১ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মো. আল মাসুদ খান। জানা গেছে, দীর্ঘদিন ধরে হাসপাতাল এলাকায় সক্রিয় একটি দালালচক্র রোগীদের কাছ থেকে অর্থ নিয়ে চিকিৎসার সিরিয়াল আগে-পিছে করে দিত। এছাড়া উন্নত চিকিৎসার প্রলোভন দেখিয়ে রোগীদের বিভিন্ন বেসরকারি ক্লিনিকে পাঠিয়ে আর্থিকভাবে লাভবান হতো তারা। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে মোজাম্মেল হক বাদল, আম্বিয়া, রাসেল ও আঃ মান্নানকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত মোজাম্মেল হক বাদলকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড, আম্বিয়া ও রাসেলকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠান। অপরদিকে আঃ মান্নানকে ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

র‌্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার মোঃ আল মাসুদ খান বলেন, হাসপাতালে আসা রোগীদের বিভিন্ন সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে একটি চক্র টাকা হাতিয়ে নিচ্ছিল। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলাম বলেন, হাসপাতালে দালালদের দৌরাত্ম্যে সাধারণ রোগীরা ভোগান্তিতে পড়ছেন। অনেক ক্ষেত্রে প্রতারণার শিকার হচ্ছেন তারা। র‌্যাব-১১ এর সহযোগিতায় অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিত চলবে, যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে চিকিৎসাসেবা নিতে পারেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত