
কুষ্টিয়ার খোকসা উপজেলায় সরকারি খাল খনন প্রকল্পে চালক ও নৈশ্য প্রহরীকে বেঁধে রেখে আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে মারধরে অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এছাড়াও একটি মোটরসাইকেল, খনন যন্ত্রের ব্যাটারি ও দুই মোবাইলফোন লুটে নেওয়ারও অভিযোগ উঠেছে। বুধবার গভীর রাতে উপজেলার মোড়াগাছা ইউনিয়নের খানপুর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
জানা গেছে, সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন প্রকল্প হাতে নিয়েছেন বর্তমান সরকার। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের ৪০ দিনের কর্মসূচির আওয়াতায় খোকসা মোড়াগাছা-হাসিমপুর খালের প্রায় ৩ কিলোমিটার খনননের কাজ চলছিল। এর আগে, মোড়াগাছা সরকারি প্রাথমমিক বিদ্যালয় মাঠ এলাকায় ১৬ মার্চ খাল খনন কাজের উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান খান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চলমান কাজের অংশ হিসেবে বুধবার খানপুর এলাকায় খাল খননের কাজ চলছিল। আরও ৩০০ মিটার খনন করা হলেই গড়াই নদীর সঙ্গে সংযোগ হবে খালটি। সেখানে দুইটি ভেক্যু দিয়ে খনন কাজ চলছিল। আনুমানিক রাত ১টার দিকে ১০-১৫ জন মুখোশধারী দুর্বৃত্ত ইজিবাইকে করে আগ্নেয়াস্ত্রসহ ভেক্যুর কাছে আসে এবং তারা এক ভেক্যু চালক ও নৈশ্য প্রহরীকে মারধর শুরু করে। তা দেখে উপস্থিত শ্রমিক ও অন্য চালকরা পালিয়ে যায়।
এরপর চালক ও নৈশ্য প্রহরীকে বেঁধে রেখে ব্যাটারি খুলে ভেক্যুতে আগুন লাগিয়ে দেন। গতকাল শুক্রবার দুপুরে সরেজমিন দেখা যায়, গড়াই নদী থেকে প্রায় ৩০০ মিটার দূরে খালের ওপর একটি কালভার্ট। তার সামনে চলছিল খননের কাজ। সেখানে দুইটি খনন যন্ত্র ভেক্যু পড়ে আছে। তবে ভেক্যুর সকল যন্ত্রাংশ আগুনে পোড়া। উৎসুক জনতা দেখতে এসেছেন। কাজ করছে পুলিশ।
ঘটনার প্রত্যক্ষদর্শী নৈশ প্রহরী মো. বিদ্যুৎ বলেন, চালকসহ আমরা ৫-৬ জন কাজ শেষ করে বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ রাত ১টার দিকে ১০-১৫ জন দল বেঁধে এসে আমাদের বুকে পিস্তুল ধরে মারধর শুরু করে। তাদের মুখোশ পড়া ছিল। এরপর আমাকে আর এক চালককে বেঁধে প্রথমে গাড়ির ব্যাটারি খোলে। তারপুর তেল ঢেলে আগুন লাগিয়ে দেয়। এরপর এক চালক, একটি মোটরসাইকেল, দুইটি ফোন ও ব্যাটারি নিয়ে চলে যায়।
খোকসা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন বলেন, ৪০ দিনের কর্মসূচির আওতায় খাল খননের কাজ চলছিল। কাজে কোনো বাঁধা ছিল না। স্থানীয়রাও খুশি। আজই খনন কাজ শেষ হয়ে যেত। এরই মধ্যে রাতে হঠাৎ দুর্বৃত্তরা হামলা ও অগ্নিসংযোগ করেছেন।
কুষ্টিয়া জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মুহাম্মদ রিজিবুল ইসলাম বলেন, ব্যাটারি খুলে নিয়ে গাড়ি দুটিতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন দুর্বৃত্তরা। এঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা জাকির হোসেন জানান, গভীর রাতে দুর্বৃত্তরা মাথায় গামছা বেধে গাড়ির ড্রাইভার ও হেলপারদের মারধর করে গাড়ি পুড়িয়ে দেয় এবং সঙ্গে থাকা মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন নিয়ে গেছে। বিষয়টি এরইমধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। এখনও কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।