
মধু মাস জ্যৈষ্ঠের প্রথম শুক্রবারের দিনেই রাজশাহীতে শুরু হয়েছে রসালো আম নামানোর উৎসব। শুক্রবার সকাল থেকেই রাজশাহী জেলা প্রশাসনের বেঁধে দেওয়া সময় অনুযায়ী গাছ থেকে ‘গুটি’ জাতের আম পাড়ার মধ্য দিয়ে বাজারে আম আসতে শুরু করেছে।
নির্ধারিত ‘ম্যাংগো ক্যালেন্ডার’ অনুযায়ী আম নামাতে পেরে বেশ খুশি স্থানীয় আমচাষীরা। তারা জানান, আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর আমের ফলন বেশ ভালো হয়েছে। এখন বাজারে কাঙ্ক্ষিত ও ন্যায্যমূল্য পেলেই তাদের মুখে হাসি ফুটবে। জেলা প্রশাসন কর্তৃক নির্ধারিত সময়সূচি অনুযায়ী, চলতি বছর পর্যায়ক্রমে বিভিন্ন জাতের আম বাজারে আসবে। জাতভেদে আম সংগ্রহের নির্ধারিত সময়সীমা হিসেবে গুটি আম গতকাল শুক্রবার নামানো শুরু হয়েছে। গোপালভোগ: নামানো হবে ২২ মে।
লক্ষ্মণভোগ (লখনা) ও রাণী পছন্দ ২৫ মে। হিমসাগর বা খিরসাপাত ৩০ মে।
ল্যাংড়া ১০ জুন। আম্রপালি ও ফজলি ১৫ জুন। আশ্বিনা ও বারি-৪ ৫ জুলাই। গৌড়মতি ১৫ জুলাই এবং ইলামতি ২০ আগস্ট নামানো হবে।
এছাড়া, ‘কাঠিমন’ ও ‘বারি-১১’ জাতের আম সারা বছরই সংগ্রহ করা যাবে বলে জানিয়েছে জেলা প্রশাসক। রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, ২০২৫-২৬ অর্থবছরে রাজশাহী জেলায় আমের উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ৪৩ হাজার ৯৯৫ মেট্রিক টন। বাজারে এই বিপুল পরিমাণ আমের সম্ভাব্য মূল্য ধরা হয়েছে প্রায় ৭৮০ কোটি ৬৮ লাখ টাকা। প্রশাসনের নজরদারির কারণে এবারও ভোক্তারা রাসায়নিকমুক্ত ও পরিপক্ব আম পাবেন বলে আশা করা হচ্ছে।