ঢাকা শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

বোরো ধান কাটা-মাড়াইয়ে ব্যস্ত সিরাজগঞ্জের কৃষকরা

বোরো ধান কাটা-মাড়াইয়ে ব্যস্ত সিরাজগঞ্জের কৃষকরা

সিরাজগঞ্জে এবার ইরি, বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। অনেক স্থানে এ ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে। এতে কৃষকরা এখন ব্যস্ত সময় পার করছে। এরইমধ্যে হাট-বাজারে নতুন ধান উঠছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলার ৯টি উপজেলার বিভিন্ন স্থানে ১ লাখ ৪২ হাজার হেক্টর জমিতে ইরি, বোরো ধান চাষাবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। কৃষকরা এ লক্ষ্যমাত্রার চেয়ে কিছুটা বেশি চাষাবাদ করেছে।

এতে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ লাখ ৯ হাজার ১৫০ মেট্রিক টন। এ চাষাবাদে সার ও কীটনাশক প্রয়োগ এবং আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলন হয়েছে। চলতি মাসের প্রথম দিকে ঝড় বৃষ্টি হওয়ায় ধানের কিছুটা ক্ষতি সাধন হয়েছে। এরইমধ্যে চলনবিল এলাকাসহ এ জেলার বিভিন্ন স্থানে এ ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে। আবহাওয়া অনুকূলে না থাকার আশংকায় কামলার দাম বেশি দিয়েও ধান কাটছে কৃষকরা এবং রাতদিন কৃষকের বাড়ি ও মাঠে টুঙ্গি তুলে এ ধান মাড়াই করছে। বিশেষ করে সিরাজগঞ্জের চলনবিল এলাকার তাড়াশ, রায়গঞ্জ, শাহজাদপুর ও উল্লাপাড়ায় এ দৃশ্য চোখে পড়ার মতো। কৃষকের এ নতুন ধান স্থানীয় হাট-বাজারে উঠছে।

স্থানীয় কৃষকরা বলছেন- ইরি, বোরো ধান কাটা ও মাড়াই কাজে কামলার দাম অনেকটা বেশি। আবহাওয়া অনুকূলে না থাকার আশংকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয় হাট-বাজারে কৃষকের এ নতুন ধান কেনা বেচা শুরু হয়েছে। গত বছরের চেয়ে এবার খরচ বেশি হওয়ায় এ চাষাবাদে এবার লাভ কিচুটা কম হবে। বর্তমানে প্রতিমণ মিনিকেট ও কাটারিভোগ ধান গড়ে ১৩০০ থেকে ১৪০০ টাকায় বিক্রি হচ্ছে এবং ব্রি-২৯ ধানসহ অন্যান্য জাতের ধান গড়ে ১১০০ থেকে ১২০০ টাকা মণ বিক্রি হচ্ছে এবং ভেজা ধান প্রতিমণ ৯০০ থেকে ১ হাজার টাকায় বিক্রি হচ্ছে। বাজারে ধানের দাম বাড়তে পারে বলে আশা করা হচ্ছে। এদিকে জেলায় এবার ১৪ হাজার মে. টন ধান ক্রয় করা হবে। চলতি মাসের ৩ তারিখ থেকে এ জেলার সবকয়টি গুদামে ৩৬ টাকা কেজি সরকারি মূল্য ধান ক্রয় শুরু হয়েছে। এরইমধ্যে এ জেলায় প্রায় ৫৭ টন ধান ক্রয় করা হয়েছে।

এ বিষয়ে জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক একেএম মঞ্জুরে মাওলা বলেন, এবার ইরি, বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। এ চাষাবাদে সংশ্লিষ্ট কৃষি বিভাগ কৃষকদের পরামর্শ দিয়েছে। এলাকাভিত্তিক এখন এ ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে। প্রায় ৪০% ধান কাটা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত