
রাজবাড়ীতে জ্বালানি তেলের তীব্র সংকটে বিপাকে পড়েছেন মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের চালকরা। গভীর রাত থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও ৭ থেকে ৮ ঘণ্টা অপেক্ষার পর তেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা।
জানা যায়, জেলার ১০টি জ্বালানি তেল পাম্পের মধ্যে মাত্র একটি কাজী ফিলিং স্টেশনে ডিপো থেকে তেল সরবরাহ করা হয়। গত মঙ্গলবার গভীর রাতে ওই পাম্পে তেল পৌঁছালেও তাৎক্ষণিকভাবে বিক্রি শুরু হয়নি। নিয়ম অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তেল বিক্রি শুরু হওয়ার কথা থাকলেও তিনি ভোরে উপস্থিত না হওয়ায় তেল বিতরণ বন্ধ রাখা হয়। পরে সকাল ১০টার দিকে ম্যাজিস্ট্রেট পাম্পে এলে তেল বিক্রি শুরু হয়।
এ সময় প্রায় ৮০০ থেকে ৯০০ মোটরসাইকেল চালক পাম্পে দীর্ঘ সময় অপেক্ষা করেন। অনেকেই রাত ৩টা থেকেই লাইনে দাঁড়িয়ে ছিলেন। দীর্ঘ সময় অপেক্ষা করেও তেল না পেয়ে চরম দুর্ভোগে পড়েন তারা। ক্রেতা ও চালকেরা জানান, তেল আসার খবর পেয়ে তারা গভীর রাতে পাম্পে এসে অবস্থান নেন। কিন্তু দীর্ঘ সময় পার হলেও তেল বিক্রি শুরু না হওয়ায় তাদের ভোগান্তি চরমে পৌঁছায়। অনেকেই বাধ্য হয়ে তেল না নিয়েই ফিরে যান।
জ্বালানি সংকটের কারণে জেলার অন্যান্য পাম্পগুলোতে তেল না থাকায় একমাত্র এই পাম্পেই ভিড় বাড়ছে। এতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। চালকদের অভিযোগ, হঠাৎ করে তেলের এমন সংকট ও সরবরাহ ব্যবস্থাপনার দুর্বলতায় তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক করা এবং ব্যবস্থাপনায় সমন্বয় আনার দাবি জানিয়েছেন তারা।