
নড়াইল-ঢাকা-বেনাপোল জাতীয় মহাসড়কের পাশে তুলারামপুর এলাকায় তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনের ম্যানেজার নাহিদ সরদারকে হত্যার ঘটনায় জেলার সব তেলপাম্প বন্ধ ঘোষণা করা হয়েছে।
গতকাল রোববার পাম্প বন্ধের বিষয়টি নিশ্চিত করেন নড়াইল জেলা তেলপাম্প মালিক সমিতির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম হিটু। তিনি বলেন, তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনের ম্যানেজার নাহিদকে হত্যার ঘটনায় জেলার ১০টি পাম্প একদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
এর আগে গত শনিবার রাত ২টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ট্রাকে তেল না পেয়ে ট্রাকচালক নড়াইল সদর উপজেলার পেড়লী গ্রামের সুজাত মোল্যা তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনের ম্যানেজার নাহিদ সরদারকে পাম্পের পাশে মহাসড়কের ওপর ট্রাকচাপা দিয়ে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে। নিহত নাহিদ পেড়লী গ্রামের আকরাম সরদারের ছেলে।
এসময় নাহিদের সঙ্গী চামরুল গ্রামের জিহাদ মোল্যাকেও ট্রাকচাপায় দিয়ে পা ভেঙে দেওয়া হয়েছে। জিহাদকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত জিহাদ চামরুল গ্রামের জহুর আলীর ছেলে। ঘটনার পর থেকে ট্রাকচালক সুজাত মোল্যা ট্রাকসহ পালিয়ে গেছেন। তার বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। ঘর তালাবদ্ধ রয়েছে।
তেলপাম্পের সিসিটিভি ফুটেজে দেখা যায়, শনিবার রাতে তেল না পেয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে ট্রাকচালক সুজাত ওই পাম্পেই অবস্থান করেন।