
ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা বলেছেন, বিএনপি তরুণদের পালস্ বুঝতে ব্যর্থ হয়েছে। শহিদদের রক্তের ওপর দাঁড়িয়ে দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে তারা আজ সেই শহিদদের রক্তের সঙ্গেই বেঈমানি করছে। জাতি শহিদদের রক্তের বিনিময়ে পাওয়া জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন দেখতে চায়। জুলাই সনদ নিয়ে যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে ছাত্রসমাজ রাজপথে নামতে বাধ্য হবে।
তিনি গতকাল রোববার দুপুরে ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা শাখার উদ্যোগে স্থানীয় শহিদ টিটু মিলনায়তনে আয়োজিত জনশক্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শিবির সেক্রেটারি বলেন, প্রায় ১৪০০ শহিদের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদমুক্ত যেই নতুন বাংলাদেশ পেয়েছি সেই শহিদদের আকাঙ্খার বাংলাদেশ গড়া আমাদের দায়িত্ব। শহিদদের আকাঙ্খার আলোকে নতুন বাংলাদেশ বিনির্মাণে যেই জুলাই সনদ তৈরি করা হয়েছে আজ সেই জুলাই সনদকে নিজেদের ইচ্ছেমতো ব্যবহার করছে বিএনপি। তিনি বলেন, গোটা জাতি যখন নতুন এক বাংলাদেশের স্বপ্নে বিভোর ঠিক সেই মুহূর্তে বর্তমান সরকার গণভোট এবং গুম, কমিশন সংষ্কার অধ্যাদেশ বাতিলের জন্য জাতীয় সংসদে প্রস্তাব এনেছে। এটা জুলাই শহিদদের সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা। দেশের তরুণ সমাজ এটা মেনে নিবে না। জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে। অন্যথায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ছাত্রসমাজ রাজপথে নামতে বাধ্য হবে। তিনি আরও বলেন, আমরা সরকারের যেকোনো ভালো কাজের প্রশংসা করব। দেশ ও জাতির স্বার্থে সরকার ভালো যা কিছু করবে ছাত্রশিবির তাকে সাধুবাদ জানাবে। একই সঙ্গে দেশ ও জাতির প্রত্যাশার বিরুদ্ধে সরকারের যেকোনো পদক্ষেপের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতেও আমরা পিছপা হব না। উপস্থিত জনশক্তিদের উদ্দেশে শিবির সেক্রেটারি বলেন, দেশের তরুণ, ছাত্রসমাজ ছাত্রশিবির তাদের ম্যান্ডেট দিয়ে দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সবগুলো বড় বড় পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ নির্বাচনে ছাত্রশিবিরকে বিজয়ী করার মাধ্যমে ছাত্রসমাজ শিবিরের প্রতি তাদের ভালোবাসা ও শিবিরকে নিয়ে তাদের প্রত্যাশার জানান দিয়েছে। প্রতিটি ছাত্রের নিকট শিবিরের দাওয়াত পৌঁছানোই এখন আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিৎ।
ইসলামী ছাত্রশিবির বগুড়া শহর শাখার সভাপতি হাবিবুল্লাহ খন্দকারের সভাপতিত্বে এবং দুই জেলা সভাপতি সাইয়্যেদ কুতুব সাব্বির ও শাহরিয়ার হোসেন বিপ্লবের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আবিদুর রহমান সোহেল, জেলা আমির মাওলানা আব্দুল হক সরকার, শিবিরের কেন্দ্রীয় প্লানিং ও ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলাম, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম। বক্তব্য রাখেন- জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মানছুর রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক সৈয়দ আব্দুল আজিজ, শহর সেক্রেটারি আ স ম আব্দুল মালেক, তরুণ জামায়াত নেতা নূর মোহাম্মদ আবু তাহের প্রমুখ। সমাবেশ শেষে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।