
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ছেলের লাঠির আঘাতে হোসেন আলী (৮৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার সকালে উপজেলার রাধাকানাই ইউনিয়নের খালইপুড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন নিহতের ছেলে রফিকুল ইসলাম (ভ্যানচালক) এবং তার ছেলে ইব্রাহিম খলিল।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হোসেন আলীর সঙ্গে তার ছেলে রফিকুল ইসলামের পারিবারিক ও জমিজমা নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে বিরোধ চরমে পৌঁছায়।
এ সময় রফিকুল ইসলাম, তার ছেলে ইব্রাহিম খলিলসহ পরিবারের অন্য সদস্যরা মিলে বৃদ্ধের ওপর হামলা চালায়। প্রত্যক্ষদর্শী ও স্বজনদের অভিযোগ, হামলাকারীরা বাঁশের লাঠি দিয়ে হোসেন আলীকে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে গুরুতর আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।